ব্রাজিল সরকার ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থি উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ব্রাসিলিয়ার কারাগারে বন্দি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন বিটি।
শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, বিটির ভিসা প্রত্যাহার করা হয়েছে। তবে তিনি এই পদক্ষেপকে ওয়াশিংটন ডিসিতে ব্রাজিলীয় কর্মকর্তাদের ভিসা বাতিলের পাল্টা পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। গত বছর ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহার মার্কিন ভিসা বাতিল করা হয়েছিল।
রিও ডি জেনিরোতে একটি অনুষ্ঠানে লুলা বলেন, জাইর বলসোনারোর সঙ্গে দেখা করতে এখানে আসছিলেন ট্রাম্পের উপদেষ্টা। তাকে নিষিদ্ধ করা হয়েছে। আমার স্বাস্থ্যমন্ত্রীর ভিসা না দেওয়া পর্যন্ত আমি তাকে ব্রাজিলে আসতে নিষেধ করেছি।
ভিসা বাতিলের পাশাপাশি ড্যারেন বিটির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও এনেছে ব্রাজিল প্রশাসন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিটি তার ভিসা আবেদনে সফরের প্রকৃত উদ্দেশ্য উল্লেখ না করে মিথ্যা তথ্য দিয়েছিলেন। তার মূল লক্ষ্য ছিল কারাগারে বলসোনারোর সঙ্গে সাক্ষাৎ করা, যিনি ২০২২ সালের নির্বাচনের পর ক্ষমতা দখলের ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের সাজা খাটছেন।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট লুলার মধ্যকার সম্পর্কের কিছুটা উন্নতি হচ্ছিল। গত বছর বলসোনারোর বিচার বন্ধের দাবিতে ব্রাজিলের ওপর কঠোর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে সেপ্টেম্বরে জাতিসংঘ এবং অক্টোবরে আসিয়ান সম্মেলনে দুই নেতার বৈঠকের পর বরফ গলতে শুরু করেছিল। বর্তমান এই ভিসা জটিলতা সেই সুসম্পর্ককে আবারও চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।
কিছু নির্দিষ্ট ব্রাজিলীয় পণ্যের ওপর আরোপিত মোট ৫০ শতাংশ শুল্ক কমানোর লক্ষ্যে অক্টোবর মাসে ট্রাম্পের সঙ্গে লুলা টেলিফোনে যোগাযোগ করেছিলেন। ২০ নভেম্বর ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারির মাধ্যমে গরুর মাংস এবং কফির মতো ব্রাজিলীয় রপ্তানি পণ্যের ওপর শুল্কের পরিধি পরিবর্তনের মাধ্যমে সাড়া দেন।
তবে ব্রাজিলের কট্টর ডানপন্থিদের সম্ভাবনা বাড়াতে ট্রাম্প আবারও দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারেন বলে জোরালো গুঞ্জন রয়েছে। আগামী অক্টোবরে ব্রাজিলে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী বলসোনারোর বড় ছেলে ফ্লাভিও।
কারাবন্দি বলসোনারোর আইনজীবীরা চলতি সপ্তাহে ড্যারেন বিটির সাক্ষাতের অনুমতির জন্য ব্রাজিলের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, কিন্তু আদালত বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয়। লুলা সরকারের কড়া সমালোচক বিটি। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সম্মেলনে যোগ দেওয়ার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন।
এদিকে, শুক্রবার ৭০ বছর বয়সী জাইর বলসোনারোকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে তার উচ্চমাত্রার জ্বর, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং অতিরিক্ত ঘাম ও কাঁপুনি দেখা দিয়েছে।




