কোনো রাখঢাক না রেখেই এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দেশ কিউবা দখলের কথা প্রকাশ্যে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দেশটি ‘দখল করলে সম্মান পাবেন’ বলে বিশ্বাস করেন তিনি।
সোমবার (১৭ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকের এসব কথা জানান।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কিউবার সঙ্গে আমি যা খুশি করতে পারি।’ তার এই মন্তব্যটি এমন সময় এল, যখন দুই দেশ তাদরে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক উন্নত করতে আলোচনা শুরু করেছে।
তার এই মন্তব্যটি এমন সময় এল, যখন দুই দেশ তাদরে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক উন্নত করতে আলোচনা শুরু করেছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেলকে ক্ষমতা থেকে সরানো। আলোচনায় সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, মার্কিন আলোচকরা কিউবার প্রতিনিধিদের স্পষ্টভাবে বলেছেন, ডিয়াজ-কানেলকে সরে যেতে হবে। তবে এরপর কী হবে তা কিউবানদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে।
২০১৮ সালে ক্ষমতায় আসা ৬৫ বছর বয়সি ডিয়াজ-কানেল শুক্রবার বলেছেন, তিনি আশা করেন আলোচনা ‘উভয় দেশের সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের প্রতি শ্রদ্ধা রেখে’ হবে। কিউবা ঐতিহাসিকভাবে অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে এসেছে।
ইতোমধ্যে ট্রাম্প কিউবার ওপর চাপ আরও বাড়িয়েছেন। ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিউবার কাছে তেল বিক্রি করে এমন যে কোনো দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ফলে কিউবা জানিয়েছে, তারা তিন মাস ধরে কোনো তেলের চালান পায়নি। দেশে কঠোর জ্বালানি রেশনিং চলছে এবং লোডশেডিং অব্যাহত রয়েছে। সোমবার পুরো বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ায় ১ কোটি মানুষের দেশটি একসঙ্গে বিদ্যুৎহীন হয়ে যায়।
রোববার ট্রাম্প বলেছেন, ‘আমরা কিউবার সঙ্গে কথা বলছি, কিন্তু আগে ইরানকে আঘাত করব।’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবং ইরানে হামলায় অংশ নেওয়ার পর কিউবাকে ‘পরবর্তী লক্ষ্য’ বলেও তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন।
১৯৬২ সালের ক্ষেপণাস্ত্র সংকটের সমাধানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কিউবায় সামরিক হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সম্ভাব্য হস্তক্ষেপের আইনি ভিত্তি কী হবে, সে বিষয়ে হোয়াইট হাউস এখনও কিছু জানায়নি। কিউবা সরকারও কোনো মন্তব্য করেনি।




