ইরানে সামরিক অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হচ্ছে কিউবা। ট্রাম্পের মতে এ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটি একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে আছে।
সোমবার (৩০ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
এ বিষয়ে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর কিউবাই হবে ‘পরবর্তী লক্ষ্য’। শিগগিরই এ দ্বীপরাষ্ট্রটির পতন হবে। তার মতে কিউবা এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আছে।
তিনি বলেন, কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র। এ দেশটি হবে আমাদের পরবর্তী লক্ষ্য। অল্প সময়ের মধ্যেই কিউবা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তখন আমরা দেশটিকে সাহায্য করতে এগিয়ে আসব। আমরা আমাদের মহান কিউবান আমেরিকানদের সাহায্য করতে এগিয়ে যাব।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, একটি রুশ তেল ট্যাঙ্কারকে কিউবায় পৌঁছানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এ বিষয়টি সত্য কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, এতে তার কোনো সমস্যা নেই।
তিনি বলেন, কেউ যদি জাহাজে করে জ্বালানি তেল পাঠায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ, কিউবার জনগণকে তো টিকে থাকতে হবে।
ট্রাম্প আরও বলেন, আমি সশ্লিষ্টদের বলেছি—যদি কোনো দেশ এখনই কিউবায় কিছু তেল পাঠাতে চায়, তাতে আমার কোনো আপত্তি নেই। রাশিয়া বা অন্য কোনো দেশ কিউবায় তেল পাঠাতে পারবে।




