হাইতির আর্তিবোনাইট অঞ্চলে একটি সশস্ত্র গ্যাংয়ের বর্বরোচিত হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় একটি মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। যদিও সরকারি হিসেবে নিহতের সংখ্যা ১৬ জন বলা হয়েছিল, তবে বেসরকারি সংস্থাগুলোর মতে নিহতের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, গত রোববার ভোরে জঁ দেনি এলাকার গ্রামীণ জনপদে এই হামলা শুরু হয় এবং সোমবার সকাল পর্যন্ত চলে। সশস্ত্র গ্যাং সদস্যরা ওই এলাকায় ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং অন্তত ৫০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মানবাধিকার সংস্থা ডিফেনসার্স প্লাস জানিয়েছে, এই সহিংসতার কারণে প্রায় ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মতে, হামলার কয়েক দিন আগে থেকেই আতঙ্কে আরও অন্তত দুই হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় গ্রান গ্রিফ গ্যাংয়ের নেতা লাকসন এলান এই হামলার দায় স্বীকার করেছেন জানানো হচ্ছে। বার্তায় তিনি জানান, প্রতিপক্ষ গ্রুপের হামলার প্রতিশোধ নিতেই এই তাণ্ডব চালানো হয়েছে।
হাইতির পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তিনটি সাঁজোয়া যান পাঠিয়েছিল। কিন্তু গ্যাং সদস্যরা রাস্তায় গর্ত খুঁড়ে রাখায় পুলিশের সেখানে পৌঁছাতে দেরি হয়। পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে তারা।
২০২১ সাল থেকে হাইতিতে গ্যাং সংঘাত চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত কয়েক বছরে এ ধরনের সংঘাতে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমানে দেশটির প্রায় ১২ শতাংশ মানুষ (১৪ লাখেরও বেশি) বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।




