ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, শত্রুরা আলোচনার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু গোপনে ইরানে স্থল হামলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখন ইরানি সেনারা মার্কিন সেনাদের ওপর হামলার অপেক্ষায় আছে।
রোববার (২৯ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাসহ বিভিন্ন গণমাধ্যম যুদ্ধ শুরুর ৩০ দিন পূর্তি উপলক্ষে দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের একটি বার্তা প্রকাশ করেছে। এতে তিনি বলেন, শত্রুরা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) প্রকাশ্যে আলোচনার ইঙ্গিত দিয়েছে। কিন্তু, গোপনে তারা ইরানে স্থল হামলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মোহাম্মদ বাঘের গালিবফ বলেন, যুক্তরাষ্ট্র ১৫ দফা তালিকার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরছে। তারা যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তাই এসব তালিকা দিয়ে আদায় করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইরানি সেনারা মার্কিন সেনাদের ওপর হামলার অপেক্ষায় আছে। এবার আমেরিকান সেনারা ইরানি ভূখণ্ডে প্রবেশ করলেই তাদের ওপর গোলাবর্ষণ করা হবে।
ইরানের আত্মসমর্পণের বিষয়ে গালিবফ আরবিতে বলেন, ইরানের বার্তা স্পষ্ট - দেশটি কোনো অপমানজনক বিষয় মেনে নেবে না।
কিছু অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন গালিবফকে একজন সম্ভাব্য সহযোগী এবং ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচনা করেছিল।


-1778455118-16678_1778455263.webp)

