কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার কুইজনেলে অবস্থিত গ্র্যানভিল'স কফির মালিক টেড মার্টিনডেলের জন্য গত বুধবার ছিল একটি স্মরণীয় দিন। কারণ, এ দিনটি ছিল তার ৮০তম জন্মদিন। এ উপলক্ষে তিনি বন্ধুদের নিয়ে ৫৫১১.৫৬ পাউন্ডের একটি গাজরের কেক কাটেন।
কানাডার ক্যারিবু অঞ্চলের স্থানীয়দের একত্রিত করে একটি প্রকল্পের অংশ হিসেবে টেড মার্টিনডেল ও অসংখ্য স্বেচ্ছাসেবক মিলে এ কেকটি তৈরি করেন। পরে এ সুস্বাদু গাজরের কেক পুরো শহরে বিতরণ করা হয়।
কেকটি তৈরি করতে ৮০০ কিলোগ্রামের বেশি গাজর, ৩১৭ কিলোগ্রাম মাখন এবং হাজার হাজার ডিম লেগেছে।
মার্টিনডেল সিবিসি নিউজকে বলেন, ‘আমার মনে হয়, আমি কুইজনেলের পাগলাটে বুড়ো হিসেবে পরিচিত। কারণ আমাদের রেস্তোরাঁটি সারাক্ষণই অদ্ভুত সব কাজ করে।’
আর আমি ভাবলাম, এই কেক তৈরির কাজটি করা এবং পুরো শহরকে এই বিশাল মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানোটা একটা মজার ঘটনা হিসেবে স্মরণীয় থাকবে।
এই বিশাল গাজরের কেক তৈরি করতে মার্টিনডেলকে ৪৩০টিরও বেশি আলাদা গাজরের কেক বানাতে হয়েছে। এতে তার এক মাসেরও বেশি সময় লেগেছে। সেগুলো সংরক্ষণ করার জন্য তাকে একটি স্থানীয় মুদি দোকানের ফ্রিজার ব্যবহার করতে হয়েছিল।
কফি শপের মালিক মার্টিনডেল বলেন, এ বিশাল কেক তৈরি অনেকটা রাজমিস্ত্রিদের মতো একটি কাজ। এতে পুরো জিনিসটাকে একত্রিত করতে হয়।
মার্টিনডেলের জন্মদিনে এ শহরের স্থানীয়দের জন্য সুস্বাদু গাজরের কেক ছাড়াও, ঝলসানো মাংস ও ১৫০টি স্যান্ডউইচেরও ব্যবস্থা ছিল।
এ বিষয়ে মার্টিনডেল বলেন, আমার জন্মদিনের অনুষ্ঠানের কোনো খাবারই নষ্ট হবে না। এখানে যা অবশিষ্ট থাকবে, তা স্থানীয় ফুড ব্যাংকে দান করা হবে।




