কানাডায় খুন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ন্যান্সি গ্রেওয়াল (৪৫)। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এনডিটিভি এ সংবাদ প্রকাশ করেছে।
দ্যা ইকোনমিক টাইম জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কানাডার অন্টারিওর উইন্ডসর এলাকায় ৪৫ বছর বয়সী ন্যান্সি গ্রেওয়ালের ওপর হামলা চালানো হয় এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের কট্টর সমালোচক ছিলেন।
কানাডার অন্টারিওর উইন্ডসর-এসেক্স অঞ্চলের লাসালে শহরের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা লাসালে শহরের টড লেনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ভুক্তভোগী ন্যান্সি গ্রেওয়াল উইন্ডসরের বাসিন্দা। আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তদন্তকারীরা এ হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ফরেনসিক টিমও সেখানে তদন্ত চালাচ্ছে। এখনও পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো অপরাধীর নাম জানা যায়নি।




