যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে আমেরিকান বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো শিগগিরই যুক্তরাজ্যের ঘাঁটিতে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, এই সপ্তাহে মার্কিন যুদ্ধবিমানগুলো চাগোস দ্বীপপুঞ্জের ডিয়েগো গার্সিয়া এবং গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ডে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটিতে পৌঁছানোর জন্য প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের ওপর হামলা জোরদার করার অঙ্গীকার করেছেন। সোমবার ট্রাম্প বলেন, আমরা এখনও তাদের ওপর কঠোর আঘাত হানা শুরু করিনি। বড় ধরনের সামরিক অভিযান এখনও করা হয়নি। এবার ভয়াবহ হামলা করা হবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ব্রিটিশ ঘাঁটির সাহায্যে ইরানের ওপর হামলা করার ক্ষমতা ব্যাপকভাবে বাড়বে। আরও মার্কিন যুদ্ধবিমান, সামরিক ও প্রতিরক্ষামূলক সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে। এবার বিমান দিয়ে বারবার বোমা হামলা করা হবে।
ফক্স নিউজের মতে, বি-২ স্টিলথ বোমারু বিমানের প্রতিটির দাম প্রায় ২ বিলিয়ন ডলার। এগুলো বিশ্বের সবচেয়ে দামি বিমান। এর আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করতে এ বিমানগুলো ব্যবহার করা হয়েছিল। এবার এ বোমারু বিমানগুলো শীঘ্রই যুক্তরাজ্যের ঘাঁটিতে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর যুদ্ধবিমানগুলো ইরানের ওপর হামলা করতে ব্যবহার করা হবে।


-1778455118-16678_1778455263.webp)

