যুক্তরাষ্ট্রের একটি স্পিডবোটে কিউবার সীমান্তরক্ষীদের গুলিতে চারজন নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সীমান্ত টহল বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি স্পিডবোটের আরোহীদের গুলি বিনিময় হয়েছে। এর ফলে চারজন নিহত হয়েছেন।
কিউবা সরকার দাবি করেছে, মার্কিন স্পিডবোট থেকে প্রথমে গুলি চালানো হয়েছে। এরপর উভয়পক্ষের গুলি বিনিময় হয়।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সীমান্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের একটি স্পিডবোটের ক্রুরা কিউবান সীমান্তরক্ষীদের ওপর গুলি চালায়। এর ফলে কিউবান জাহাজের কমান্ডার আহত হন। এরপর পাল্টা গুলিবর্ষণ করে সীমান্তরক্ষীরা। তখন বিদেশি জাহাজে থাকা চারজন আক্রমণকারী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। বুধবার সকালে এ গোলাগুলির ঘটনা ঘটে। কিউবার উত্তর-মধ্য ভিলা ক্লারা প্রদেশের দ্বীপ কায়ো ফ্যালকোনেস উপকূলে এ আক্রমণ চালানো হয়।




