ইরান আবারও তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আমেরিকা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রয়টার্স এ সংবাদ প্রকাশ করেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন নেতৃত্বাধীন হামলার পর দেশটি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করছে বলে প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে যুক্তি তুলে ধরেছেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় হুমকি।
মার্কিন ও ইরানি আলোচকরা বৃহস্পতিবার জেনেভায় বৈঠকে বসবেন। এটা এই বছরের তৃতীয় দফা পারমাণবিক আলোচনা।
এদিকে ইরানের ওপর সম্ভাব্য হামলার আগে আমেরিকা মধ্যপ্রাচ্যে তার সামরিক শক্তি বাড়িয়ে চলছে। ট্রাম্প মনে করছেন, সেনা ও নৌশক্তি প্রদর্শন করে তিনি ইরানিদের সঙ্গে দ্রুত একটি পারমাণবিক চুক্তি করতে পারবেন।
এ বিষয়ে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমেরিকা চায় না যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকুক।
তিনি আরও বলেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার বৃহস্পতিবার জেনেভায় একটি ইরানি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন। ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো যায় কি না সে বিষয়টিতে তারা সিদ্ধান্ত নেবেন।




