মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত এল মেনচো মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। তিনি ভয়ংকর জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) ড্রাগ কার্টেলের নেতা। সেনা অভিযানের সময় তিনি নিহত হন।
এল মেনচো নামে পরিচিত এ অপরাধীর নাম নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস। তার সমর্থক এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে রোববার রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকান উভয় সরকারই তাকে ধরার জন্য যথাক্রমে ১৫ মিলিয়ন ডলার এবং ৩০ কোটি মেক্সিকান পেসো পুরস্কার ঘোষণা করেছিল।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, রোববার পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোতে মেক্সিকান সেনাবাহিনীর সামরিক অভিযানে মেক্সিকোর নিউ জেনারেশন জালিস্কো কার্টেলের (সিজেএনজি) সাত সদস্য নিহত হয়েছেন। এ সময় ‘এল মেনচো’ নিহত হন।
মেক্সিকোর জাতীয় গোয়েন্দা কেন্দ্র এবং অ্যাটর্নি জেনারেলের অফিসের সহযোগিতায় একটি বিশেষ বাহিনী জালিস্কোতে এ অভিযান চালায়। টাপালপাতে এল মেনচোকে ধরার জন্য একাধিক সামরিক বিমান এবং ন্যাশনাল গার্ড ইউনিট মোতায়েন করে এই অভিযানের পরিকল্পনা করা হয়।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানের সময় মেক্সিকান সেনাবাহিনীর ওপর হামলা করে সিজেএনজি। তখন আত্মরক্ষার্থে তারা পাল্টা আক্রমণ করে। তখন চার অপরাধী ঘটনাস্থলেই মারা যান এবং এল মেনচোসহ আরও তিনজন গুরুতর আহত হন। তাদের বিমানে করে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় তারা মারা যান।
দুই ড্রাগ কার্টেলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন অস্ত্র ও সাঁজোয়া যান জব্দ করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে বিমান ভূপাতিত করতে সক্ষম রকেট লঞ্চারও রয়েছে।
অভিযানের সময় তিনজন সেনাবাহিনীর সদস্য আহত হন। তাদের মেক্সিকো সিটির চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।




