
মিয়ানমারের কারারুদ্ধ সাবেক নেত্রী অং সান সু চিকে গৃহবন্দি করে স্থানান্তর করা হয়েছে। জান্তা সরকারের নির্দেশে তাকে রাজধানী নেপিডোতে স্থানান্তর করা হয়। চলতি সপ্তাহে সু চির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন তার আইনজীবীরা।
চলতি মাসের দ্বিতীয়বারের মতো গতকাল বৃহস্পতিবার সু চির ২৭ বছরের কারাদণ্ডের মধ্যে সাজা কমল ৯ বছর। ফলে নোবেলজয়ী এই নারীকে ১৮ বছরের কিছু বেশি সময় সাজা ভোগ করতে হবে।
তবে আইনজীবীরা নিশ্চিত করে জানায়নি যে, সু চি তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করতে পারবেন কি না।
আইনজীবী দলের একজন রয়টার্সকে বলেন, অং সান সু চি বর্তমানে নেপিডোতে আছেন।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাকে গৃহবন্দি করা হবে; কিন্তু কোথায় করা হবে, তা বলা হয়নি। দীর্ঘদিন পর রাষ্ট্রীয় গণমাধ্যম সু চির একটি ছবিও প্রচার করেছে। ছবিতে তাকে দুজন উর্দিধারী কর্মকর্তার সঙ্গে একটি কাঠের বেঞ্চে বসে থাকতে দেখা যায়।
সু চির আইনি দল তার অবস্থান নিয়ে আলোচনা করতে ও তাকে কিছু প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে রোববার ৮০ বছর বয়সী নেত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।
তারা জানান, পরিস্থিতি বদলে গেছে। মনে হয়, এটি আর শুধু একটি সাধারণ জেল সাক্ষাৎ থাকবে না, বরং এটি এমন একটি বৈঠক হবে যেখানে আইনি দল গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে তার বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে নোবেল বিজয়ী সু চি আটক রয়েছেন। এই অভ্যুত্থানের ফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।
৮০ বছর বয়সি সু চি একাধিক অপরাধের জন্য ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে উসকানি ও দুর্নীতি থেকে শুরু করে ভোট জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সু চি।
তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেয় জান্তা সরকার নিয়ন্ত্রিত আদালত। পরে তা কমিয়ে ২৭ বছর করে জান্তা সরকার। এরপর ১৭ এপ্রিল মিয়ানমারের নববর্ষে সাধারণ ক্ষমা ঘোষণার সময় আবারও তার সাজা কমানো হয়। ওই ক্ষমার আওতায় তার সহযোগী ও সহঅভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে মুক্তি দেওয়া হয়।
তার আইনজীবীর ভাষ্যমতে, মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং তাকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। এর আওতায় অং সান সু চির সাজার মেয়াদ এক-ষষ্ঠাংশ কমানোর কথাও উল্লেখ করা হয়েছে। সে হিসেবে সাড়ে চার বছরের সাজা মওকুফ পাচ্ছেন তিনি।




