
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রেল নেটওয়ার্কের আধুনিকায়নের পাশাপাশি প্রতিবেশী মালয়েশিয়ার সঙ্গে আন্তঃসীমান্ত রেল যোগাযোগ প্রতিষ্ঠায় এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে ব্যাংকক। এ নিয়ে দেশটির পরিবহন মন্ত্রণালয় একটি কৌশলপত্র তৈরি করেছে।
থাই উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিফ্যাট র্যাচেকিটপ্রকারণের নেতৃত্বে ১০০ বিলিয়নের বেশি থাই বাথ তথা প্রায় ৪ বিলিয়ন ডলারের ফেইজ-২ রেল মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
ডাবল রেল লাইন নির্মাণের এ প্রকল্পের জন্য চলতি বছরই দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন থাই গণমাধ্যম। এর মধ্যে ৩০ বিলিয়ন বাথের বেশি বা প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয়ে ১৬৮ কিলোমিটার দীর্ঘ চুম্ফন থেকে সুরাট থানি সেকশন।
এ ছাড়া সুরাট থানি থেকে হাট-ইয়াই টু সঙ্খলা পর্যন্ত ৩২০ কিলোমিটার দৈর্ঘ্যের রেললাইনের আধুনিকায়ন ও নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৬৬ বিলিয়ন বাথ, তথা সোয়া ২ বিলিয়ন ডলার। অন্যদিকে, হাট-ইয়াই টু পাদাং বেসার অংশের ৪৫ কিলোমিটার দৈর্ঘ্যের লাইনটি নির্মাণে পৌনে বিলিয়ন থাই বাথ তথা প্রায় ২৪ কোটি মার্কিন ডলার ব্যয় হবে।
মূলত হাট-ইয়াই টু পাদাং বেসার অংশটি থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়াকে যুক্ত করবে। এ নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।
গত ২৯ এপ্রিল দুই দেশের মধ্যে অনুষ্ঠিত এ আলোচনার মূল বিষয় ছিল দীর্ঘ ২০ বছর ধরে অচল থাকা প্রস্তাবিত থাইল্যান্ডের ঐতিহাসিক সুঙ্গাই কোলোক টু মালয়েশিয়ার রানতাও পানজাং রেল নেটওয়ার্কটি পুনরুজ্জীবিত করা। আলোচনায় যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের বিষয়টিও গুরুত্ব পায় বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।
সূত্র: ন্যাশনাল থাইল্যান্ড, দ্য স্টার




