
বার্সেলোনার সেই দিনগুলো অনেক পেছনে। পিএসজির অধ্যায়ও শেষ। এখন লিওনেল মেসি আর্জেন্টিনার অধিনায়ক, নেইমার ফিরেছেন সান্তোসে, আর সামনে আরেকটি বিশ্বকাপ। তবু বন্ধুত্বের জায়গাটা বদলায়নি। ২০২৬ বিশ্বকাপের আগে নেইমারকে নিয়ে কথা উঠতেই মেসি জানালেন, ব্রাজিল দলে তাকে দেখতে পারলে খুশি হবেন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। তার আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে দলে নেবেন কি না, সেটি নিয়ে আলোচনা চলছে। চোট, ফিটনেস ও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা, সব মিলিয়ে নেইমারের বিশ্বকাপ ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। তবে মেসির চোখে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সেরা খেলোয়াড়দের থাকা উচিত, আর নেইমার তাদের একজন।
‘লো দেল পোয়ো’ অনুষ্ঠানে মেসি বলেছেন, ‘আমি নিরপেক্ষ হতে পারি না, নেইমার আমার বন্ধু। আমি চাই সে বিশ্বকাপে থাকুক এবং তার সঙ্গে অনেক ভালো কিছু ঘটুক, কারণ মানুষ হিসেবেও সে এটা প্রাপ্য। আশা করি সে সেখানে থাকতে পারবে।’
মেসি ও নেইমারের সম্পর্ক শুধু মাঠের নয়। বার্সেলোনায় তারা লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়েছিলেন সময়ের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ। পরে পিএসজিতেও একসঙ্গে খেলেছেন। সেই বন্ধুত্বের কারণেই মেসি নিজেই মেনে নিচ্ছেন, নেইমারকে নিয়ে তার মূল্যায়ন পুরোপুরি নিরপেক্ষ নয়।
তবে বন্ধুত্বের বাইরে গিয়ে মেসির যুক্তিও পরিষ্কার। তার মতে, বিশ্বকাপ এমন মঞ্চ যেখানে সেরা খেলোয়াড়দের থাকা উচিত। নেইমার পুরো ফিট কি না, ফর্মের কোন জায়গায় আছেন, এসব প্রশ্ন থাকলেও তার মান ও প্রভাব নিয়ে মেসির সন্দেহ নেই।
মেসির ভাষায়, ‘বিশ্বকাপে আমরা সেরা খেলোয়াড়দেরই দেখতে চাই। নেইমার যে অবস্থাতেই থাকুক, সে সবসময় তাদের একজন। ব্রাজিলের জন্য, ফুটবলের জন্য সে যা প্রতিনিধিত্ব করে, সেই কারণে বিশ্বকাপে তাকে পাওয়া দারুণ ব্যাপার হবে।’
নেইমারের সাম্প্রতিক সময়টা সহজ যায়নি। বাঁ হাঁটুর চোট তাকে দীর্ঘদিন ভুগিয়েছে। ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে ৪৫ মিনিট খেলেছিলেন তিনি। এরপর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাকে।
তবে সান্তোসে ফেরার পর ধীরে ধীরে ছন্দে ফিরছেন ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড। মৌসুমের কঠিন শুরুর পর এখন নিয়মিত খেলার সময় পাচ্ছেন। শেষ ১০ ম্যাচে তার গোল ৫টি, সঙ্গে ২টি অ্যাসিস্ট।
নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য আনচেলত্তির। ব্রাজিল কোচ এখনও তার বিশ্বকাপ দলে নেইমারের জায়গা নিশ্চিত করেননি। তবে তিনি আগেই বলেছেন, নেইমার যদি শতভাগ ফিট হয়ে ফেরেন, তাহলে জাতীয় দলে খেলতে পারবেন। আনচেলত্তির কথায়, তিনি সবচেয়ে ফিট খেলোয়াড়দেরই ডাকবেন।
২০২৬ বিশ্বকাপ মেসির নিজের জন্যও বিশেষ হতে পারে। তিনি এখনও অংশ নেওয়ার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেননি, তবে টুর্নামেন্টের সময় তার বয়স হবে ৩৯। অন্যদিকে নেইমারের সামনে প্রশ্ন, তিনি কি চোট কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরতে পারবেন?




