
শিরোপা জয়ের এর চেয়ে মধুর মঞ্চ আর কী হতে পারত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য! ক্যাম্প ন্যু, সামনে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, আর হিসাবটা সহজ, হার এড়ালেই লা লিগা নিজেদের। কিন্তু হান্সি ফ্লিকের দল শুধু প্রয়োজন মেটায়নি, শিরোপা উৎসবের দিনটাকে এল ক্লাসিকো জয়ের রঙে আরও উজ্জ্বল করেছে। ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা।
প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যেই ম্যাচের ভাগ্য প্রায় লিখে ফেলেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস। নবম মিনিটে রাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিক, ১৮ মিনিটে তোরেসের ঠান্ডা মাথার ফিনিশ, এই দুই গোলেই রিয়ালকে হারিয়ে নিজেদের ইতিহাসে ২৯তম লা লিগা শিরোপা জিতল কাতালানরা।
বার্সেলোনার জন্য জয়টা ছিল প্রতীকীও। পুরো মৌসুমে ঘরের মাঠে দাপট দেখানো দলটি লিগে নিজেদের মাঠে ১৮ ম্যাচের ১৮টিই জিতেছে। সেই নিখুঁত হোম রেকর্ডের শেষ বড় ছবিটা হলো রিয়াল মাদ্রিদের সামনে ট্রফি জয়। লিগে টানা ১০ ম্যাচ জিতল ফ্লিকের দল, যা তার অধীনে বার্সার সেরা ধারাবাহিকতা।

ম্যাচের শুরু থেকেই বার্সার আক্রমণে ছিল ধার। অষ্টম মিনিটে বক্সের ঠিক বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় তারা। বলের সামনে দাঁড়ান রাশফোর্ড। কোর্তোয়ার নাগালের বাইরে, দেয়ালের ওপর দিয়ে, ক্রসবারের নিচে নিখুঁত বাঁকানো শটে বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড। এল ক্লাসিকোতে বার্সার জার্সিতে এমন ফ্রি-কিক গোলের স্মৃতি খুব বেশি নেই। এমনকি একবিংশ শতকে রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সার তৃতীয় ফ্রি-কিক গোল, আগেরটি করেছিলেন লিওনেল মেসি, ২০১২ সালে।
রিয়াল সেই ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় গোল। ১৮ মিনিটে বাম দিক থেকে ফেরমিন লোপেসের চিপ করা বল বক্সে পান দানি ওলমো। তিনি ব্যাকহিলে বল নামিয়ে দেন তোরেসের সামনে। তোরেস এক টাচ নিয়ে কোর্তোয়ার পাশ দিয়ে বল জালে পাঠান। ২০ মিনিটের মধ্যেই দুই শটে দুই গোল, বার্সেলোনার ক্লিনিক্যাল শুরুতে তখন ক্যাম্প ন্যুতে শিরোপা উৎসবের আবহ।
রিয়াল সুযোগ পায়নি, তা নয়। গনসালো গার্সিয়া বক্সে ঢুকে পাশের জালে শট মারেন। অরেলিয়াঁ চুয়ামেনি একবার হেডে, একবার শটে গোলের কাছাকাছি গিয়েও লক্ষ্যভ্রষ্ট হন। ভিনিসিয়ুস জুনিয়রও বক্সে বিপদ তৈরি করেছিলেন, কিন্তু এরিক গার্সিয়ার স্লাইডিং ইন্টারসেপশন বার্সাকে বাঁচায়। প্রথমার্ধে রিয়ালের শট বেশি থাকলেও গোলের সামনে ধার ছিল না।
দ্বিতীয়ার্ধে রিয়াল কিছুটা বেশি আগ্রাসী হয়। ৬৩ মিনিটে জুড বেলিংহাম বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু বিল্ডআপে অফসাইড থাকায় গোলটি বাতিল হয়। সেটিই ছিল রিয়ালের সবচেয়ে বড় মুহূর্ত। তার বাইরে বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি আলভারো আরবেলোয়ার দল।
বার্সারও সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। ৫৭ মিনিটে তোরেস রিয়াল রক্ষণ ভেদ করে শট নেন, কোর্তোয়া পা বাড়িয়ে সেটি ঠেকান। ৮৩ মিনিটে বদলি রবার্ট লেভানডফস্কির জোরালো শটও ঠেকান রিয়াল গোলরক্ষক। তবু ২-০ স্কোরলাইন ধরে রাখতেই বেশি মনোযোগী ছিল বার্সা।
ম্যাচে উত্তাপও কম ছিল না। রাউল আসেনসিওর ফাউলের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়। আসেনসিও ও ওলমো দুজনই হলুদ কার্ড দেখেন। পরে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও রাফিনিয়াও হলুদ কার্ড পান। এল ক্লাসিকোর স্বাভাবিক স্নায়ুযুদ্ধ ছিল, কিন্তু স্কোরবোর্ডে বার্সার নিয়ন্ত্রণ কখনো সত্যিকারের ঝুঁকিতে পড়েনি।
রিয়ালের জন্য এই হার মৌসুমের অস্থিরতার আরেকটি প্রতীক। ড্রেসিংরুমের টানাপোড়েন, ভালভার্দে-চুয়ামেনি বিতর্ক, এমবাপ্পেকে ঘিরে সমর্থকদের ক্ষোভ, সব মিলিয়ে ক্লাবটি আগেই চাপে ছিল। মাঠেও সেই অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। আক্রমণে সংযোগ কম, পজিশনে অস্পষ্টতা বেশি, আর বড় ম্যাচে প্রয়োজনীয় ক্লিনিক্যাল ফিনিশিংয়ের অভাব।
এই জয়ে লা লিগার ২৯তম শিরোপা নিশ্চিত করল বার্সেলোনা। হাতে এখনো তিন ম্যাচ। শিরোপা আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় বাকি ম্যাচগুলো বার্সার জন্য হয়ে গেল উৎসবের মিছিল। অন্যদিকে রিয়ালের এখন লক্ষ্য দ্বিতীয় স্থান নিশ্চিত করা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে নয়, চিরপ্রতিদ্বন্দ্বীর সামনে শিরোপা হারানোর এই রাত রিয়ালের মৌসুমের হতাশাকে আরও গভীর করল।




