
এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের দরকার ছিল ঠান্ডা মাথা, সংহতি আর শেষ লড়াইয়ের প্রস্তুতি। কিন্তু বার্সেলোনার বিপক্ষে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের তিন দিন আগে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড থেকেই এলো অস্বস্তির খবর। ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়াঁ চুয়ামেনির মধ্যে অনুশীলনের বিবাদ ড্রেসিংরুমে গড়িয়েছে হাতাহাতিতে। সেই ঘটনায় মাথায় চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ভালভার্দেকে।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, বুধবার প্রথমে দুই রিয়াল সতীর্থের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরদিন বৃহস্পতিবার আবারও ঘটনার পুনরাবৃত্তি হয়, এবার সেটি আরও গুরুতর আকার নেয়। অনুশীলনে চুয়ামেনিকে কড়া ট্যাকল করেন ভালভার্দে। এরপর সেশন শেষে ড্রেসিংরুমে ফিরে চুয়ামেনি বিষয়টি নিয়ে ভালভার্দের মুখোমুখি হন।
প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। সেই সময় ভালভার্দে পড়ে গিয়ে ড্রেসিংরুমের একটি টেবিলে মাথা আঘাত করেন। পরে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তিনি বাড়ি ফিরেছেন।
দ্য অ্যাথলেটিককে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে, বৃহস্পতিবার দুজনের মধ্যে দ্বিতীয়বারের মতো মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল এবং ভালভার্দেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে ভালভার্দে ও চুয়ামেনির প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
ঘটনায় রিয়াল মাদ্রিদের সাধারণ ব্যবস্থাপক হোসে আনহেল সানচেজ ক্ষুব্ধ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্লাব বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে চায়। তবে সম্ভাব্য শাস্তি কী হতে পারে, তা এখনও পরিষ্কার নয়।
রিয়ালের জন্য সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। লা লিগায় বার্সেলোনার চেয়ে পিছিয়ে থাকা দলটি রোববার ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকো খেলবে। ওই ম্যাচে বার্সেলোনা হার এড়াতে পারলেই লিগ শিরোপা নিশ্চিত করতে পারে। অর্থাৎ রিয়ালের জন্য ম্যাচটি শুধু মর্যাদার নয়, মৌসুম বাঁচানোর শেষ সুযোগও।
কিন্তু মাঠের আগে ড্রেসিংরুমের অস্থিরতা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। দ্য অ্যাথলেটিক আগেই জানিয়েছিল, বার্সেলোনা ম্যাচের প্রস্তুতিতে রিয়াল শিবিরে টানাপোড়েন প্রভাব ফেলছে। ভালভার্দে-চুয়ামেনির ঘটনা সেই অস্বস্তিকে আরও প্রকাশ্যে আনল।
এটাই সাম্প্রতিক সময়ে রিয়ালের ভেতরের প্রথম উত্তেজনাপূর্ণ ঘটনা নয়। গত মাসে আন্তোনিও রুডিগারের সঙ্গেও এক সতীর্থের ড্রেসিংরুমে তীব্র কথা-কাটাকাটি হয়েছিল। পরে সে ঘটনার জন্য ক্ষমা চান জার্মান ডিফেন্ডার। এর আগে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্রয়ের আগে অনুশীলনে ক্লাবের এক স্টাফের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের রাগান্বিত প্রতিক্রিয়ার কথাও প্রতিবেদনে এসেছে।
এমবাপ্পে, রুডিগার কিংবা সাম্প্রতিক ভালভার্দে-চুয়ামেনি, ঘটনাগুলো আলাদা হলেও রিয়ালের বর্তমান পরিস্থিতির একটা ছবি দেয়। ফল ভালো নয়, শিরোপা হাতছাড়া হওয়ার পথে, চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায়, আর ড্রেসিংরুমে চাপ জমছে। এমন সময়ে এল ক্লাসিকোর আগে দলের ভেতরের এই অস্থিরতা কোচিং স্টাফ ও ক্লাব প্রশাসনের জন্য বড় মাথাব্যথা হয়ে উঠতে পারে।
রিয়াল এখনও আনুষ্ঠানিকভাবে শাস্তির ধরন জানায়নি। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, বার্সেলোনার বিপক্ষে নামার আগে দলটি নিজেদের ভেতরের উত্তাপ সামলে মাঠে মন দিতে পারে কি না। কারণ ক্যাম্প ন্যুতে রোববার শুধু একটি ম্যাচ নয়, রিয়াল মাদ্রিদের পুরো মৌসুমের শেষ হিসাবও লেখা হতে পারে।




