
সঠিক খাবার বেছে নেওয়া অনেক সময় জটিল মনে হতে পারে। কিন্তু নারীদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ। কারণ হরমোন, শক্তি ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর খাবারের প্রভাব বেশ স্পষ্ট।
পুষ্টিবিদ লোবনিত বার্তা সহজভাবে ব্যাখ্যা করেছেন, নারীদের জন্য কোন খাবারগুলো উপকারী আর কোনগুলো কম খাওয়াই ভালো।
হরমোন ঠিক রাখতে
হরমোনের ভারসাম্য ঠিক থাকলে মুড, ওজন ও শরীর সবটাই ভালো থাকে। এক্ষেত্রে ব্রকলি ও ফুলকপি জাতীয় সবজি সবচেয়ে ভালো। এগুলো শরীর থেকে অতিরিক্ত ইস্ট্রোজেন বের করতে সাহায্য করে। পাশাপাশি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টও দেয়।
অপরদিকে সোয়া আইসোলেট দিয়ে তৈরি খাবার (প্রোটিন বার, মক মিট) এড়িয়ে যাওয়া ভালো। এগুলো বেশি খেলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।
পিরিয়ডের (মাসিকের) ব্যথা কমাতে
মাসিকের সময় খাবার নারীদের শরীরের ক্ষেত্রে অনেক পার্থক্য তৈরি করতে পারে। তৈলাক্ত মাছ ও আখরোট জাতীয় বাদামে ওমেগা-৩ থাকে, যা এ সময় শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে।
অন্যদিকে মাসের এ সময়ে প্রসেসড যে কোনো মাংস এড়িয়ে যাওয়া উচিত। এগুলোতে লবণ বেশি থাকায় শরীরে ফোলাভাব বাড়ে এবং ব্যথা বেড়ে যায়।
বিকেলের ক্লান্তি দূর করতে
নারীদের মধ্যে দুপুরের পর এনার্জি কমে যাওয়ার সমস্যা দেখা দেয় প্রায়ই। এ সমস্যা এড়াতে কুমড়ার বিচি ও বিভিন্ন জাতীয় বাদাম খাওয়া ভালো। এগুলোতে ম্যাগনেসিয়াম থাকে, যা ধীরে ধীরে শক্তি দেয়।
চিনি বা মিষ্টি জাতীয় খাবারগুলো দ্রুত শক্তি দিলেও পরে হঠাৎ ক্লান্তি চলে আসে।

ত্বক ভালো রাখতে
ত্বকের স্বাস্থ্য অনেকটাই খাবারের ওপর নির্ভর করে। ত্বকের জন্য সবচেয়ে ভালো কাজ করে দই, তবে তা যেন অন্য কোনো স্বাদযুক্ত না হয়। দইয়ে প্রোবায়োটিক আছে, যা অন্ত্র ভালো রাখে এবং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
ত্বকের জন্য ময়দা দিয়ে তৈরি খাবার (সাদা পাউরুটি ইত্যাদি) এড়িয়ে যাওয়াই ভালো। এগুলো ইনসুলিন বাড়িয়ে ব্রণ ও ত্বকের সমস্যা বাড়াতে পারে।
হাড় মজবুত রাখতে
বয়স বাড়ার সঙ্গে হাড়ের যত্ন নেওয়া জরুরি। এর জন্য পালং ও অন্যান্য সবুজ শাক খাওয়া ভালো। এগুলোতে ভিটামিন K থাকে, যা ক্যালসিয়াম হাড়ে পৌঁছাতে সাহায্য করে।
আর হাড়ের জন্য ডায়েট সোডা খুবই খারাপ। এসব নিয়মিত খেলে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে।
মনে রাখবেন, কঠোর ডায়েট নয় বরং প্রতিদিন ছোট ছোট ভালো সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সচেতনভাবে রোজকার খাবার বেছে নিলে হরমোন, ত্বক, শক্তি, সবকিছুই ধীরে ধীরে ভালো থাকবে।
সূত্র: এনডিটিভি




