বলিভিয়ার রাজধানীর কাছে একটি নতুন ব্যাংক নোট বহনকারী কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মহাসড়কে থাকা প্রায় এক ডজনের বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিপুল পরিমাণ নতুন নোট ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী লা পাজের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
ফায়ার সার্ভিসের প্রধান পাভেল টুভার জানিয়েছেন, নিহতরা বিমানের ভেতরে ছিলেন নাকি মহাসড়কে থাকা গাড়িতে, তা এখনও স্পষ্ট নয়। তবে আহতের সংখ্যাও রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানটি রাজধানী লা পাজ লাগোয়া শহর এল আল্টোয় আঘাত হানে। উড়োজাহাজটি কয়েকটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর একটি খোলা মাঠে গিয়ে থামে। দুর্ঘটনার সময় বিমানটি উড্ডয়ন করছিল নাকি অবতরণ—এ নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।
ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ, দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ফায়ার সার্ভিস প্রধানের ভাষ্য অনুযায়ী, অন্তত ১৫টি যানবাহন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
দুর্ঘটনায় পড়া বিমানটি বলিভিয়ার বিমানবাহিনীর একটি হারকিউলিস পরিবহন বিমান। এটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন শহরে নতুন মুদ্রা পরিবহন করছিল। দুর্ঘটনার পর বিপুল পরিমাণ কাগুজে নোট সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বহু মানুষ ছড়িয়ে থাকা টাকা কুড়িয়ে নিতে ঘটনাস্থলে ভিড় করছেন। পরে পুলিশ সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।




