বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও কল, সিনেমা দেখা বা গেম খেলা সবকিছুর জন্যই নির্ভর করতে হয় ওয়াইফাইয়ের ওপর। কিন্তু হঠাৎ যদি ইন্টারনেটের গতি ধীর হয়ে যায়, তখন কাজের গতি যেমন কমে যায় তেমনি বাড়ে বিরক্তিও।
ধীরগতির ওয়াইফাই সাধারণত কয়েকটি নির্দিষ্ট কারণে হয়ে থাকে। ভালো খবর হলো, এসব সমস্যার বেশির ভাগই সহজ কিছু পদক্ষেপে ঠিক করা সম্ভব।
অন্যান্য ডিভাইসের বাধা : মাইক্রোওয়েভ, বেবি মনিটর বা আশপাশের অন্য ওয়াই-ফাই নেটওয়ার্ক আপনার সিগনালে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ২.৪ জিএইচজেড (2.4 GHz) ব্যান্ডে এই সমস্যা বেশি হয়।
রাউটার থেকে দূরত্ব : আপনি যত দূরে যাবেন, সিগনাল তত দুর্বল হবে। দেয়াল, মেঝে বা ছাদ সিগনাল আরও কমিয়ে দেয়।
একসঙ্গে বেশি ডিভাইস সংযুক্ত থাকা : মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, গেমিং কনসোল—সব একসঙ্গে সংযুক্ত থাকলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।
পুরোনো ডিভাইস বা রাউটার : পুরোনো রাউটার বা ডিভাইস নতুন ইন্টারনেট স্পিড সামলাতে পারে না। ফার্মওয়্যার আপডেট না থাকলেও সমস্যা হয়।
ইন্টারনেট সেবা প্রদানকারীর সমস্যা : আপনার আএসপিএর (ISP) দিক থেকেও সমস্যা হতে পারে। যেমন নেটওয়ার্ক ডাউন, মেইনটেন্যান্স বা ডাটা লিমিট শেষ হয়ে গেলে গতি কমে যায়।
বেশি ডাটা ব্যবহারকারী অ্যাপ : এইচডি (HD) ভিডিও দেখা, বড় ফাইল ডাউনলোড বা অনলাইন গেমিং অনেক ব্যান্ডউইথ ব্যবহার করে, ফলে অন্য কাজের জন্য গতি কমে যায়।
রাউটারের অবস্থান পরিবর্তন করুন : রাউটার ঘরের মাঝামাঝি স্থানে রাখুন। মেঝে থেকে কিছুটা উঁচুতে রাখুন এবং দেয়াল বা ধাতব জিনিস থেকে দূরে রাখুন।
কম ব্যস্ত চ্যানেল ব্যবহার করুন : রাউটারের সেটিংসে গিয়ে কম ভিড়যুক্ত চ্যানেল বেছে নিন। অনেক রাউটারে অটো-সিলেক্ট অপশনও থাকে।
৫ জিএইচজেড (GHz) ব্যান্ড ব্যবহার করুন : যদি আপনার রাউটার ডুয়াল-ব্যান্ড সাপোর্ট করে, তাহলে ৫ জিএইচজেড ব্যবহার করুন। এটি দ্রুত হলেও এর কভারেজ তুলনামূলক কম।
বেশি ডাটা ব্যবহারকারী অ্যাপ সীমিত করুন : অপ্রয়োজনীয় ডিভাইস বা অ্যাপ বন্ধ রাখুন। প্রয়োজনে কিউওএস (QoS) সেটিংস ব্যবহার করে গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন।
রাউটার আপডেট বা পরিবর্তন করুন : নিয়মিত ফার্মওয়্যার আপডেট করুন। পুরোনো রাউটার হলে নতুন প্রযুক্তির, যেমন ওয়াইফাই-৬ সমর্থিত রাউটার ব্যবহার করতে পারেন।
ওয়াইফাই এক্সটেন্ডার বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করুন : বড় বাসা বা অফিসে সিগনাল দুর্বল হলে এক্সটেন্ডার বা মেশ সিস্টেম ব্যবহার করলে কভারেজ বাড়ে।
আইএসপি’র (ISP) সঙ্গে যোগাযোগ করুন : স্পিড টেস্ট করে দেখুন আপনি নির্ধারিত গতি পাচ্ছেন কি না। সমস্যা থাকলে ইন্টারনেট কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন।
ওয়াইফাই ধীর হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা হলেও এর সমাধান বেশির ভাগ ক্ষেত্রেই সহজ। সঠিকভাবে রাউটার বসানো, ডিভাইস নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজন হলে আপগ্রেড করার মাধ্যমে ইন্টারনেটের গতি অনেকটাই বাড়ানো সম্ভব।
প্রযুক্তিনির্ভর এই সময়ে স্থিতিশীল ও দ্রুত ইন্টারনেট নিশ্চিত করা শুধু সুবিধা নয়, বরং একটি প্রয়োজন। তাই নিয়মিত নজরদারি এবং ছোট ছোট পরিবর্তনই আপনার ওয়াইফাই ব্যবহারের অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলতে পারে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া




