অনলাইনে গান শোনার জন্য ইউটিউবে এখন সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি। পছন্দের গান খুঁজে পাওয়া খুবই সহজ। তবে একটি সাধারণ সমস্যা হলো, স্ক্রিন বন্ধ করলেই গান বন্ধ হয়ে যায়।
ভালো খবর হলো, কিছু সহজ কৌশল ব্যবহার করে আপনি স্ক্রিন লক অবস্থাতেও ইউটিউব মিউজিক চালিয়ে রাখতে পারবেন অ্যান্ড্রয়েড ও আইফোন দুটিতেই, কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই। সাধারণত ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করলে এই সুবিধা পাওয়া যায়। তবে নিচের পদ্ধতিগুলো ব্যবহার করলে ফ্রিতেই এ সুবিধা নিতে পারবেন।
অ্যান্ড্রয়েডে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনার উপায়
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি সহজ এবং কার্যকর উপায় হলো ব্রেভ ব্রাউজার (Brave Browser) ব্যবহার করা। এই ব্রাউজারটি বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং এতে বিল্ট-ইন ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক অপশন থাকে। প্রথমে ব্রাউজারটি ইনস্টল করে youtube.com-এ ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিও বা গান চালান। এরপর সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক অপশন চালু করুন। তারপর স্ক্রিন লক করলেও গান চলতে থাকবে, এমনকি নোটিফিকেশন বার থেকেই প্লে বা পজ নিয়ন্ত্রণ করতে পারবেন।
আরেকটি উপায় হলো গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স ব্যবহার করা। ইউটিউব ভিডিও চালু করার পর স্ক্রিন লক করলে প্রথমে গান বন্ধ হয়ে যেতে পারে। তবে নোটিফিকেশন প্যানেল বা মিডিয়া কন্ট্রোল থেকে আবার চালু করলে বেশির ভাগ ডিভাইসে এটি কাজ করে।
আইফোনে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনার উপায়
আইফোন ব্যবহারকারীরা সাফারি ব্রাউজারের মাধ্যমে সহজেই এই সুবিধা নিতে পারেন। প্রথমে youtube.com-এ গিয়ে পছন্দের গান চালু করুন। এরপর অ্যাড্রেস বারের ‘AA’ অপশনে ট্যাপ করে ডেস্কটপ ভার্সন চালু করুন। ভিডিও চালু হওয়ার পর স্ক্রিন লক করুন।
তারপর কন্ট্রোল সেন্টার খুলে মিডিয়া প্লেয়ার থেকে প্লে বাটনে চাপ দিন। দেখবেন, স্ক্রিন বন্ধ থাকলেও গান চালু থাকবে।
বিকল্প উপায়
আপনি চাইলে YouTube Music-এর ফ্রি ভার্সন বা অন্যান্য মিউজিক স্ট্রিমিং অ্যাপও ব্যবহার করতে পারেন। যদিও ফ্রি ভার্সনে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবুও অনেক ক্ষেত্রে স্ক্রিন বন্ধ রেখেও গান শোনার সুবিধা পাওয়া যায়।
স্ক্রিন চালু রেখে গান শোনা ব্যাটারির ওপর চাপ ফেলে। তাই এই সহজ পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি ব্যাটারি সাশ্রয় করতে পারেন এবং নিরবচ্ছিন্নভাবে গান উপভোগ করতে পারেন। অ্যান্ড্রয়েড বা আইফোন দুই ক্ষেত্রেই সামান্য সেটিংস পরিবর্তনেই সমস্যার সমাধান সম্ভব।




