প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহৃত মোবাইল ফোনের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার হাতে থাকা মোবাইলটি এমন মডেলের ফোন, যা সহজে চোখে পড়ে না। এ নিয়ে নেটিজেনদের মাঝে দেখা গেছে নানা প্রতিক্রিয়া।
অনলাইন জগতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর হাতে থাকা ফোনটি সিরিন ল্যাবসে তৈরি ‘সিরিন ফ্যানি’ মডেলের একটি ফোন।
বিশ্বের প্রথম ব্লকচেইনভিত্তিক স্মার্টফোনগুলোর একটি হলো সিরিন ফ্যানি। এটি প্রথম বাজারে আসে ২০১৮ সালের মে মাসে। একই বছরের শেষের দিকে প্রযুক্তি জগতে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর এবং সিরিন ল্যাবসের নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
কী আছে এই ফোনে
এই ফোনের মূল বিশেষত্ব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোনটিতে সিরিন অপারেটিং সিস্টেম আছে, যার মাধ্যমে ব্যবহারকারীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত থাকে। এই ফোনে তথ্য হ্যাক হওয়ার কোনো শঙ্কা নেই। এটি ব্লকচেইন প্রযুক্তির ফোন। ব্লকচেইনে কোনো তথ্য বিকৃত করা যায় না। নির্ভুল তথ্য থাকে এতে।
ফোনটিতে দুটি স্ক্রিন আছে। ব্যবহারকারীর ব্যক্তিগত পাসওয়ার্ড বা গোপন নম্বর ছাড়া অন্য কেউ ফোনটির কার্যক্রম চালাতে পারবে না। ফোনটি খুলতে গেলে ফোনের উপরিভাগে থাকা একটি স্ক্রিন বেরিয়ে আসে, যা ফোন থেকে সম্পূর্ণ আলাদা। দুই স্ক্রিনের সঙ্গে ব্যবহারকারীর তথ্য মিলে গেলে ফোনটি ব্যবহার করা যাবে।
এই ফোনে একটি কোল্ড স্টোরেজ ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট রয়েছে। এটি ফোনের অ্যান্ড্রয়েড সফ্টওয়্যার এবং ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। ফোনটিতে টোকেন রূপান্তর পরিষেবা (TCS) আছে। ফলে অনলাইন এক্সচেঞ্জের মাধ্যমে যাওয়ার প্রয়োজন ছাড়াই সহজে ও সরাসরি ক্রিপ্টোকারেন্সি আদান-প্রদান করা যায়।
দাম কত?
সিরিন ল্যাবের তৈরি এই ধরনের ফোনগুলোর দাম সাধারণত ৯৯৯ থেকে ৩৫০০ ডলার পর্যন্ত হয়ে থাকে। এই ফোনটি এখন আর বাজারে তেমন পাওয়া যায় না। তবে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়।



