আজকাল আমাদের জীবন অনেকটাই স্মার্টফোনের ওপর নির্ভরশীল। সারাদিন ফোন ব্যবহার, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখার পর রাতেই চার্জে বসানোর এই অভ্যাসের কারণে ফোনের ব্যাটারির ওপর চাপ পড়ে। কিন্তু সঠিক নিয়ম মেনে চার্জ দিলে ব্যাটারি অনেক দিন ভালো থাকে।
দুঃখজনক হলেও সত্যি, বেশির ভাগ ব্যবহারকারী এই সহজ নিয়মগুলো জানে না। এর ফলে কয়েক মাসের মধ্যে ব্যাটারিতে সমস্যা দেখা দেয় এবং ফোনের পারফরম্যান্স কমে যায়। বিশেষজ্ঞরা বলেন, ব্যাটারি দ্রুত খারাপ হওয়ার অন্যতম কারণ হলো ভুলভাবে চার্জ দেওয়া। দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য কিছু সহজ নিয়ম আছে।
চার্জ রাখুন ৫০%-৯০%-এর মধ্যে : সর্বোত্তম চার্জ রেঞ্জ হলো ৫০ থেকে ৯০ শতাংশ। যদি চার্জ ৫০%-এর নিচে নামে, তখনই চার্জ দিতে হবে। সবসময় ১০০% চার্জ দেওয়ার দরকার নেই।
পুরো চার্জ দেওয়া এড়িয়ে চলুন : ফোন ১০০% চার্জ দেওয়া বা রাতভর চার্জে রাখা ব্যাটারির জন্য ক্ষতিকর। ৯০%-৯৫% চার্জ হলে চার্জার খুলে দিন।
ব্যাটারি একেবারে খালি হওয়া থেকে বিরত থাকুন : চার্জ ২০%-এর নিচে নেমে গেলে ব্যাটারি চাপের মুখোমুখি হয়। তাই ২০%-এর আগে ফোন চার্জে দিন।
চার্জের সময় ফোন ব্যবহার করবেন না : চার্জের সময় ফোন ব্যবহার করলে অতিরিক্ত গরম হয়। এটি ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই চার্জ দেওয়ার সময় ফোনটি ব্যবহার না করাই ভালো।
অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন : অনেক অ্যাপ পেছনে কাজ করতে থাকে, যা অজান্তে চার্জ শেষ করে দেয়। এখন যে অ্যাপগুলো দরকার নেই সেগুলো বন্ধ বা আনইনস্টল করে দিন। এতে ব্যাটারির ওপর চাপ কমে।
সঠিক নিয়ম মেনে চার্জ দিলে ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। আর ব্যাটারি ভালো থাকলে ফোনও আপনাকে দীর্ঘদিন সেবা দেবে। তাই আজ থেকেই এই পাঁচটি নিয়ম মেনে চলুন।



