আর মাত্র ৮০ দিনের কিছু বেশি সময় বাকি ২০২৬ বিশ্বকাপের। শিরোপাধারী আর্জেন্টিনার প্রস্তুতিও চলছে জোরেশোরে। তবে দলটির সবচেয়ে বড় প্রশ্ন এখনো অনুত্তরিত—লিওনেল মেসি কি খেলবেন আসন্ন বিশ্বকাপে?
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি মেসির ওপরই নির্ভর করছে। ৩৮ বছর বয়সি এই তারকা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।
স্কালোনি বলেন, ‘এই প্রশ্নটা মেসিকেই করা উচিত। আমি আমার অবস্থান পরিষ্কার করেছি—আমি চাই সে খেলুক। ফুটবলের জন্যও তার থাকা জরুরি। কিন্তু সিদ্ধান্তটা তার মানসিক অবস্থা ও শারীরিক ফিটনেসের ওপর নির্ভর করছে।’
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি, এখন পর্যন্ত করেছেন ১১৫টি গোল। ফলে তার উপস্থিতি শুধু আর্জেন্টিনার জন্য নয়, বিশ্ব ফুটবলের জন্যই বড় আকর্ষণ।
স্কালোনির কথায়, ‘শুধু আর্জেন্টিনাই নয়, পুরো বিশ্বই তাকে মাঠে দেখতে চায়। তবে সে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার অর্জন করেছে। আমরা কোনো তাড়াহুড়া করছি না। সে যা সিদ্ধান্ত নেবে, সেটাই দলের জন্য সেরা হবে।’
তবে আপাতত ভক্তদের জন্য স্বস্তির খবর—এই আন্তর্জাতিক বিরতিতে মেসিকে মাঠে দেখা যাবে। ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন তিনি। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে।
এর আগে কাতারে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হয়েছে।
স্কালোনির ৩০ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী ১৬ ফুটবলার। কোচ জানিয়েছেন, চূড়ান্ত স্কোয়াড নির্ধারণে খেলোয়াড়দের বর্তমান ফর্ম, ফিটনেস ও প্রস্তুতিই সবচেয়ে বড় বিবেচ্য হবে।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তবে তার আগে সবচেয়ে বড় প্রশ্ন একটাই—মেসি থাকবেন তো?




