পুয়ের্তো রিকোয় ফুটবল উৎসবের রাতটি হওয়ার কথা ছিল ছোট এই দেশটিতে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেলে মেসির ম্যাজিকের। তবে হঠাৎই তা পরিণত হলো উৎকণ্ঠায়। গ্যালারি ভরা উচ্ছ্বাস, মেসির পেনাল্টি গোল, ২০ হাজার দর্শকের গর্জন—সবকিছু ছাপিয়ে গেল এক মুহূর্তের বিশৃঙ্খলা। নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়া এক সমর্থকের ধাক্কায় পড়ে যান লিওনেল মেসি। সৌভাগ্যক্রমে বড় চোট এড়ালেও ঘটনাটি আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
পুয়ের্তো রিকোর বায়ামোনে অবস্থিত হুয়ান রামোন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মেসির দল ইন্টার মায়ামি ২-১ গোলে হারায় ইকুয়েডরের ইন্ডেপেন্ডেটে ডে ভ্যালেকে। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি আসে ৬৯ মিনিটে, পেনাল্টি থেকে লিওনেল মেসির পায়ে। তবে ম্যাচ নয়, বিশৃঙ্খলাই শিরোনাম হয়ে আসে।
প্রায় এক ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ম্যাচে শুরুতে মেসিকে বেঞ্চে রাখেন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। প্রথম গোল আসে ১৫ মিনিটে—সান্তিয়াগো মোরালেসের দারুণ ফিনিশে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে এক মিনিটের মাথায় পাত্রিক মেরকাদোর শটে সমতা ফেরায় ইন্ডিপেনদিয়েন্তে দেল ভাল্লে।
দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। গ্যালারি তখন দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
ম্যাচ শেষের দিকে হঠাৎ কয়েকজন সমর্থক নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েন। তাদের একজন সরাসরি মেসির দিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চাইলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুপ্রবেশকারীদের সরিয়ে দেন।
In Puerto Rico several fans went to hug Leo Messi and the security personnel ended up pulling Messi to the ground.
pic.twitter.com/mSOAsZ12Rv— CentreGoals. (@centregoals) February 27, 2026
মেসি পরে উঠে দাঁড়িয়ে খেলায় মন দেন, যা উপস্থিত দর্শকদের স্বস্তি দেয়। তবে প্রশ্ন রয়ে গেছে—এত বড় তারকার ম্যাচে নিরাপত্তা ব্যবস্থায় এমন ফাঁক কীভাবে রয়ে গেল?
এই ম্যাচ ছিল ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ। এর আগে তারা এক জয়, এক ড্র ও এক হার পেয়েছিল। অন্যদিকে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভাল্লে নিজেদের লিগে ভালো শুরু করেছে এবং আসন্ন কোপা লিবার্তাদোরেসে অংশ নেবে।
তবে ফলাফল নয়, আলোচনার কেন্দ্রে এখন একটাই বিষয়—তারকাদের ঘিরে বাড়তি উন্মাদনা সামাল দিতে আয়োজকদের আরও কঠোর ও পেশাদার নিরাপত্তা কাঠামো দরকার।




