
চোট কাটিয়ে ফেরার প্রক্রিয়ার মধ্যেই ইতালি সফরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের লা লিগা ম্যাচের আগে তার এই সফর নিয়ে ক্লাবের সমর্থক থেকে স্প্যানিশ সংবাদমাধ্যম, অনেক জায়গাতেই প্রশ্ন উঠেছে। এবার সেই সমালোচনার জবাব দিয়েছে ফরাসি তারকার ঘনিষ্ঠ মহল।
গত সপ্তাহে বান্ধবী এস্টার এক্সপোসিতোর সঙ্গে ইতালি যান এমবাপ্পে। একই সময়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা এসপানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে এমবাপ্পের ইতালিতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়।
রিয়াল সমর্থকদের একাংশ এই সফরকে ভালোভাবে নেয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে রিয়ালের ড্রেসিংরুমেও অস্বস্তি তৈরি হয়েছে। ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ডের পেশাদারিত্ব ও দলের প্রতি মনোযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন এমবাপ্পে। তবে এবার তার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, পুরো ঘটনাকে অতিরিক্ত ব্যাখ্যা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘সমালোচনার একটি অংশ এমন কিছু বিষয়ের অতিরিক্ত ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে আছে, যা ক্লাবের কঠোর তত্ত্বাবধানে চলা পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।’
চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ার পর এমবাপ্পে নাকি এখন বিশ্বকাপেই বেশি মনোযোগ দিচ্ছেন, এমন আলোচনাও তৈরি হয়েছিল। তবে তার পক্ষ থেকে সেই ধারণাও নাকচ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘দলের ভালোর জন্য কিলিয়ান প্রতিদিন যে অঙ্গীকার ও কাজ করছে, এসব আলোচনা তার বাস্তবতার সঙ্গে মেলে না।’
এমবাপ্পেকে ঘিরে বিতর্ক এমন সময়ে তৈরি হলো, যখন রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুম নিয়েই নানা অস্বস্তির খবর আসছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুশীলনে আলভারো আরবেলোয়ার কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়েও জড়িয়েছিলেন এমবাপ্পে।
মৌসুমের হতাশাজনক অবস্থার কারণে রিয়ালের ভেতরে চাপ বাড়ছে। সামনে এল ক্লাসিকো, যেখানে বার্সেলোনার শিরোপা উৎসব থামাতে চাইবে মাদ্রিদের ক্লাবটি। তাই এমবাপ্পেকে ঘিরে এই বিতর্ক আরও বড় ইস্যু হয়ে উঠুক, সেটি নিশ্চয়ই চাইবে না রিয়াল।




