বিশ্বকাপের বাকি মাত্র ৪৯ দিন তবে তার আগেই বড় ধরনের দুশ্চিন্তার মুখে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও স্পেন। লা লিগায় সেল্টার বিপক্ষে বার্সার জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল। তবে গোলের পরপরই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এই তরুণ তারকা। ধারণা করা হচ্ছে হ্যামস্ট্রিংয়ে গুরুতর ইনজুরি এমনকি হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।
লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি আদায় করে নিজেই গোল করেন ইয়ামাল। তবে উদযাপন না করে সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান তিনি এবং চিকিৎসকদের ডাকেন। রিপ্লেতে দেখা যায়, গোল করার পরই উরুর পেছনের অংশে হাত দেন ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ড।
মাঠে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর হাঁটতে হাঁটতে বের হলেও ম্যাচ চালিয়ে যেতে পারেননি তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তাকে তুলে নেওয়া হয়।
ক্লাব সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। তবে চোটের প্রকৃত অবস্থা এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিশ্চিত হতে স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক বলেন, বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে ইয়ামাল অকারণে মাঠ ছাড়েননি বলেই ধারণা করছেন তিনি।
এই চোট গুরুতর হলে মৌসুমের বাকি সময় ইয়ামালকে না পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সামনে থাকা বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যেখানে স্পেন দলের আশা ভরসা তার ওপর অনেকটা নির্ভর করছিল।
দলের সতীর্থ পেদ্রি আশা করছেন, চোট গুরুতর হবে না এবং দ্রুত মাঠে ফিরতে পারবেন ইয়ামাল।
একই ম্যাচে আরেক ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোও পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন।
এই জয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৯ পয়েন্ট এগিয়ে তারা। তবে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ইয়ামালের চোট তাদের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।
চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিলেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে করেছেন ২৪ গোল এবং ১৭টি অ্যাসিস্ট। এখন প্রশ্ন একটাই, তিনি কত দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারবেন।
সূত্র: ইএসপিএন




