সবকিছু ঠিকঠাক চলছিল। মৌসুমও খারাপ যাচ্ছিল না। তবুও আচমকাই ইন্টার মায়ামি আর মেসি-সুয়ারেজদের কোচের পদ ছাড়লেন হাভিয়ের মাশ্চেরানো।
মাত্র চার মাস আগে ক্লাবকে প্রথম এমএলএস কাপ জেতানো এই আর্জেন্টাইন কোচ ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচের পরই নিজের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন মাশ্চেরানো।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব, স্টাফ এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই আমরা কিছু অসাধারণ মুহূর্ত পেয়েছি।’
২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় বছর ক্লাবের দায়িত্বে ছিলেন মাশ্চেরানো। তার অধীনেই ২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে মায়ামি।
শুধু তাই নয়, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালেও দলকে তুলেছিলেন তিনি।
চলতি মৌসুমেও শুরুটা মোটামুটি ভালো ছিল মায়ামির। সাত ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে তারা। যদিও সম্প্রতি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিতে হয়েছে।
মাশ্চেরানোর বিদায়ের পর আপাতত প্রথম দলের দায়িত্ব নিচ্ছেন গিয়ের্মো হোইওস। তিনি এর আগে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন।
ক্লাব মালিক হোর্হে মাস মাশ্চেরানোর অবদান স্মরণ করে বলেন, ‘মাশ্চেরানো সবসময়ই এই ক্লাবের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এমএলএস কাপ জয় এবং ক্লাব বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পেছনে তার বড় অবদান রয়েছে।’
মাত্র দুই সপ্তাহ আগে নতুন স্টেডিয়ামে যাত্রা শুরু করেছে ইন্টার মায়ামি। সেই সময়ে এমন সিদ্ধান্ত কিছুটা অপ্রত্যাশিতই বলা যায়।




