টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করবে স্বাগতিক ভারত।
টস জিতে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার জানান, উইকেট দেখতে ভালো লাগছে এবং শুরুতে বোলিং করে প্রতিপক্ষকে একটি ধরাছোঁয়ার স্কোরে আটকে রাখাই তাদের লক্ষ্য।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য টসে হারলেও খুব একটা হতাশ নন। তিনি বলেন, তাদের দল সাম্প্রতিক ম্যাচগুলোতে আগে ব্যাট করেই ভালো করেছে, তাই বড় ম্যাচেও রান বোর্ডে তোলার সুযোগ পেয়ে খুশি তারা।
ফাইনালে ভারত একই একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে—জ্যাকব ডাফি খেলছেন, বাইরে থাকছেন কোল ম্যাককনকচি।
একাদশ
ভারত: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড: টিম সাইফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত অপরাজিত নিউজিল্যান্ড। টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছে কিউইরা।
তবে সামগ্রিক টি-টোয়েন্টি পরিসংখ্যানে এগিয়ে ভারত। দুই দল এখন পর্যন্ত ৩০টি ম্যাচে মুখোমুখি হয়েছে—ভারতের জয় ১৮টি, নিউজিল্যান্ডের ১১টি, আর একটি ম্যাচ টাই হয়েছে।
ফাইনালে দুই দলই ভালো ছন্দে আছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত, আর প্রথম সেমিফাইনালে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করে নিউজিল্যান্ড।




