
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক করা হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতির জন্য স্কটল্যান্ডে যাবে বাংলাদেশ নারী দল। আগামী ২৫ মে এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বেন জ্যোতিরা। সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।
স্কটল্যান্ড পর্ব শেষ করে বাংলাদেশ দল যাবে লাফবরোতে। সেখানে হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। এরপর ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
ঘোষিত দলে অভিজ্ঞদের সঙ্গে রাখা হয়েছে তরুণ ক্রিকেটারদেরও। ব্যাটিংয়ে জ্যোতির সঙ্গে আছেন শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, দিলারা আক্তার, জুয়ারিয়া ফেরদৌস ও তাজনেহার।
অলরাউন্ড সামর্থ্য নিয়ে দলে আছেন স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন।
বোলিং বিভাগে বড় ভরসা সহ-অধিনায়ক নাহিদা আক্তার। তার সঙ্গে আছেন রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা। ইংল্যান্ডের কন্ডিশনে পেস ও স্পিনের ভারসাম্য মাথায় রেখেই দল সাজিয়েছে বিসিবি।
বাংলাদেশের বিশ্বকাপ দল
নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়ারিয়া ফেরদৌস ও তাজনেহার।




