টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে উইকেট নিয়ে নিজের প্রত্যাশা স্পষ্ট করে দিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের অধিনায়ক মনে করছেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক হতে পারে এবং ফাইনালটি হতে পারে উচ্চ স্কোরের ম্যাচ।
রোববার ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত ক্রিকেট দল। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, উইকেট এখনো ঢাকা থাকায় খুব কাছ থেকে দেখা হয়নি, তবে ধারণা করা যাচ্ছে এটি বেশ সমতল হবে।
‘উইকেটটা এখনো কাভারের নিচে, তাই খুব ভালোভাবে দেখা হয়নি। তবে মনে হচ্ছে এটা বেশ ফ্ল্যাট হবে এবং এখানে অনেক রান হতে পারে,’ বলেন তিনি।
ফাইনালে ভারতের বোলিং আক্রমণকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন কিউই অধিনায়ক। বিশেষ করে পেসার জাসপ্রিত বুমরাহর সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বুমরাহর স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলেও উল্লেখ করেন স্যান্টনার।
তবে ভারতের শক্তি শুধু একজন বোলারের ওপর নির্ভর করে না বলেও মনে করেন তিনি। তার মতে, পুরো দলটাই ভারসাম্যপূর্ণ—ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভিন্ন সময় ভিন্ন খেলোয়াড়রা দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়েছে।
ফাইনালে স্বাগতিক ভারত বিশাল দর্শকসমর্থন পাবে বলেও জানেন স্যান্টনার। তবে লক্ষ্য পরিষ্কার—দর্শকদের চুপ করিয়ে দেওয়া এবং শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়া।




