বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলের বাইরে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত ঢাকার শের-ই-বাংলা অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।
ঘোষিত দলে জায়গা হয়নি বাবর আজমসহ ছয়জন ক্রিকেটারের। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে কয়েকজন নতুন মুখকে—আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হোসেন।
দল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ ইউসুফ এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। তার মতে, বাবরের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাকে দল থেকে বাদ দেওয়া বিস্ময়কর।
এক্সে দেওয়া এক পোস্টে ইউসুফ লেখেন, ‘বাবর আজমকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়াটাই ছিল বিস্ময়কর। আর এখন যদি তাকে শুধু বিশ্রাম না দিয়ে বাদ দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি সত্যিই অবাক করার মতো সিদ্ধান্ত। এমন অযৌক্তিক সিদ্ধান্তগুলো কে নিচ্ছে?’
#BabarAzams inclusion in the #T20WorldCup was surprising, but his exclusion now, if its not simply a case of being rested is mind boggling. Who is making these senseless decisions.
— Mohammad Yousaf (@yousaf1788) March 4, 2026
সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বাবর। ছয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৯১ রান। তবে ওয়ানডে ফরম্যাটে তার সাম্প্রতিক পারফরম্যান্স ছিল বেশ ভালো। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৬৫ রান করেছিলেন তিনি, যার মধ্যে ছিল তার ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে অধিনায়কত্ব দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। সিরিজ খেলতে পাকিস্তান দল শিগগিরই ঢাকায় আসবে।
পাকিস্তানের ওয়ানডে দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হোসেন।




