বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজমের। দলের নেতৃত্বে থাকছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
বাবরের বাদ পড়া কিছুটা চমকই বলা যায়। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজে তিনি সেঞ্চুরি করেছিলেন। তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাট থেকে বড় রান আসেনি। ছয় ম্যাচে করেন মাত্র ৯১ রান, যা প্রত্যাশার তুলনায় কম।
এই দলে বেশ কয়েকজন নতুন মুখও আছে। এখনও ওয়ানডে না খেলা ছয় ক্রিকেটারকে রাখা হয়েছে স্কোয়াডে। তাদের মধ্যে সাহিবজাদা ফারহানকে নিয়ে বেশ আলোচনা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি— ৩৮৩। বাংলাদেশের বিপক্ষে সিরিজেই তার ওয়ানডে অভিষেক হতে পারে।
এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামিল হোসেন। এদের কয়েকজন সম্প্রতি পাকিস্তান শাহিনস দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ম্যাচ খেলেছেন।
দলে নেই ওপেনার ফখর জামানও। পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটে ভুগছেন তিনি। সে কারণেই বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল, শেষ পর্যন্ত স্কোয়াডেও রাখা হয়নি।
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান দল ৮ মার্চ ঢাকায় পৌঁছাবে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ হবে ১১, ১৩ ও ১৫ মার্চ।
পাকিস্তানের ওয়ানডে দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা ও শামিল হোসেন।




