টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে বাবর আজমের ফর্ম নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটিং গ্রেট মোহাম্মদ ইউসুফ। তিনি দাবি করেছেন, বাবরকে দল থেকে বিশ্রাম দেওয়ার প্রস্তাব রাখার পরই দলের ভেতরে-বাইরে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, যা শেষ পর্যন্ত তাকে নির্বাচকের পদ ছাড়তে বাধ্য করে।
চলমান বিশ্বকাপে তিন ম্যাচে বাবরের সংগ্রহ মাত্র ৬৬ রান। ধারাবাহিকভাবে রান না পাওয়ায় তার জায়গা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ইউসুফের মতে, এটি সাময়িক অফ-ফর্ম নয়, বরং দীর্ঘদিনের টেকনিক্যাল সমস্যার ফল।
এক পডকাস্টে ইউসুফ বলেন, ‘দুই-তিন বছর ধরে বলছি বাবরের টেকনিক আগের মতো নেই। একজন খেলোয়াড় দুই-তিন সিরিজ অফ ফর্মে থাকতে পারে, কিন্তু গত কয়েক বছরে সে নিয়মিত বড় রান করতে পারেনি। আমি যখন বলেছিলাম ওকে কিছুদিন বিশ্রাম দেওয়া উচিত, তখন হঠাৎ সবাই আমার বিরুদ্ধে চলে যায়। শেষ পর্যন্ত আমাকে পদত্যাগ করতে হয়।’
তিনি আরও বলেন, ‘মাইন্ডসেট নিয়ে অনেক কথা বলা হয়। কিন্তু দক্ষতা না থাকলে মানসিকতা দিয়ে কিছু হয় না। স্কিলই মূল বিষয়।’
বাবরের তুলনা প্রসঙ্গে ইউসুফ আরও কঠোর ভাষায় বলেন, ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার, ইউনিস খান ও জহির আব্বাসদের মান আলাদা স্তরের ছিল। ‘ইনজি ভাই আর সাঈদ ভাইয়ের সঙ্গে তুলনাই চলে না। তারা ভিন্ন মাত্রার খেলোয়াড় ছিলেন। বাবর তাদের সামনে কিছুই নয়,’ মন্তব্য করেন তিনি।
ইউসুফের এই মন্তব্য পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্বের আগে দলের অন্যতম শীর্ষ ব্যাটারকে ঘিরে এমন সমালোচনা দলীয় পরিবেশে কী প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।




