
শান্ত সেঞ্চুরি করে ফিরেছিলেন পরের বলেই। বাংলাদেশের জন্য তখনও স্বস্তি ছিল, কারণ অন্য প্রান্তে মুমিনুল হক ছিলেন। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের পেসারদের সামলে, স্পিনারদের ধৈর্য দিয়ে খেলে, নিজের ইনিংসকে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু মিরপুরে প্রথম দিনের শেষ সেশনে সেই অপেক্ষা শেষ হলো আক্ষেপে।
নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে ৯১ রানে ফিরেছেন মুমিনুল। ২০০ বলের ইনিংসে ১০টি চার মেরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে তার বিদায়ে বাংলাদেশ হারায় দিনের অন্যতম বড় ভরসা।
ঘটনাটা ৭৪তম ওভারের। নোমান আলী স্টাম্পে দ্রুতগতির বল করেন। বলটি স্কিড করে নিচু থাকে। মুমিনুল ব্যাকফুটে গিয়ে আড়াআড়ি ব্যাটে সামলাতে চেয়েছিলেন, কিন্তু বল গিয়ে লাগে সামনের প্যাডে। আম্পায়ার আউট দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন মুমিনুল। তবে আল্ট্রা এজে ব্যাটের ছোঁয়া মেলেনি, আর বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল লাগত মিডল-লেগ স্টাম্পে। তিন লাল সংকেতেই শেষ হয় তার ইনিংস।
মুমিনুলের আউটটি শুধু ব্যক্তিগত আক্ষেপ নয়, ম্যাচের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। শান্তর সঙ্গে ১৭০ রানের জুটিতে তিনি বাংলাদেশকে ৩১ রানে ২ উইকেটের চাপ থেকে টেনে তুলেছিলেন। শান্ত সেঞ্চুরি পূর্ণ করে আউট হওয়ার পরও বাংলাদেশ যেন ছন্দ না হারায়, সেই দায়িত্ব নিয়েছিলেন মুমিনুল। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে আবারও ইনিংস গুছিয়ে তুলছিলেন তিনি।
কিন্তু নার্ভাস নাইন্টিতে এসে ধৈর্যের সেই দীর্ঘ পথ থেমে গেল। মুমিনুলের ইনিংসের সবচেয়ে বড় শক্তি ছিল তার সংযম। শুরুতে অফ স্টাম্পের বাইরের বল ছেড়েছেন, শরীরের কাছে খেলেছেন, অকারণ ঝুঁকি নেননি। পেসারদের দ্বিতীয়-তৃতীয় স্পেল সামলে নোমান আলীর বিপক্ষেও এগোচ্ছিলেন ধীরে, নিজের মতো করে। তবু একটি নিচু থাকা বল, একটি আড়াআড়ি ব্যাট, আর একটি বিফল রিভিউ, এই তিনে ভাঙল তার সেঞ্চুরির স্বপ্ন।
পাকিস্তানের জন্য উইকেটটি আসে দারুণ সময়ে। দিনের বড় অংশে বাংলাদেশের ব্যাটিং নিয়ন্ত্রণে ছিল। শান্তর শতক, মুমিনুলের স্থিরতা, মুশফিকের অভিজ্ঞতা মিলিয়ে স্বাগতিকরা বড় স্কোরের দিকে এগোচ্ছিল। ৯১ রানে মুমিনুলকে ফিরিয়ে পাকিস্তান অন্তত শেষ সেশনে নতুন করে দরজা খুলে ফেলল।
মুমিনুলের ইনিংস শেষ হলেও তার মূল্য কমছে না। মিরপুরের ঘাসঢাকা উইকেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে যখন বাংলাদেশ দ্রুত দুই ওপেনার হারায়, তখন ইনিংস বাঁচানোই ছিল প্রথম কাজ। মুমিনুল সেটি করেছেন। এরপর রানও করেছেন। শান্তর সঙ্গে তার জুটিই বাংলাদেশের প্রথম দিনের ভিত গড়ে দিয়েছে।




