নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ দলে আলোচনার কেন্দ্রে এখনও সাকিব আল হাসান ইস্যু। তবে এই ইস্যুতে সংযত অবস্থানই নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আগামীকালের ম্যাচের আগে আয়োজিত প্রেস কনফারেন্সে মিরাজ বলেন, ‘এটা (সাকিব ইস্যু) শুধু এজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একার সিদ্ধান্ত না, এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন… সবার একটা ডিসিশনের ব্যাপার আছে।’
এই নিয়ে ড্রেসিংরুমের পরিবেশে প্রভাব নিয়েও পরিষ্কার বার্তা দেন তিনি। ‘এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের ড্রেসিং রুমে ওই রকম ইমপ্যাক্ট পড়ে না,’ বলেন মিরাজ।
এদিকে জ্বালানি সাশ্রয়ে এই সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। তবে এটিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না অধিনায়ক। তার ভাষায়, ‘আমরা অনেক দিন প্র্যাকটিস করেছি… আশা করি এটা কোনো বেশি এফেক্ট করবে না।’
এ ছাড়াও সামনে ২০২৭ বিশ্বকাপকে মাথায় রেখেই এগোচ্ছে দল। মিরাজ বলেন, ‘দেখেন ২০২৭ সালের ওয়ার্ল্ড কাপ অবশ্যই এটা একটা প্রসেসের ব্যাপার এবং লং টাইমের ব্যাপার… ওই পর্যন্ত যেতে গেলে প্রসেসটা মেনটেন করতে হবে এবং সিরিজ ওয়াইজ ভাবে ভালো খেলতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘লাস্ট দুইটা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্লেয়াররা অনেক কনফিডেন্ট… প্রত্যেকটা প্লেয়ারই জানে কিভাবে ইমপ্রুভ করতে হবে এবং আমরা সেই অনুযায়ী প্র্যাকটিস করছি।’
সব মিলিয়ে, সাকিব ইস্যু ঘিরে আলোচনা থাকলেও বাংলাদেশ দলের মূল লক্ষ্য এখন ধারাবাহিক উন্নতি। সিরিজ ধরে ভালো পারফরম্যান্স করেই বিশ্বকাপের পথে এগোতে চায় মিরাজের দল।




