শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সফরে বড় তারকাদের ছেড়ে আসা নিউজিল্যান্ড ক্রিকেট দল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে কন্ডিশনকেই দেখছে, এমনটাই জানিয়েছেন কিউই কোচ রব ওয়াল্টার। বিশেষ করে গরম আবহাওয়া এবং উইকেটের আচরণ দুই দিককেই মানিয়ে নেওয়াটাই দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
ওয়াল্টার বলেন, ‘এই কন্ডিশন আলাদা, সেটা আমরা জানি। মানিয়ে নিতে সময় লাগে। কয়েক দিনে পুরোপুরি অভ্যস্ত হওয়া কঠিন, তবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করছি।’
শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে খেলে আসা কয়েকজন ক্রিকেটার আগে থেকেই উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে পরিচিত, যা দলকে কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
গরম আবহাওয়া প্রসঙ্গে ওয়াল্টার বলেন, ‘গরম একটা বড় ফ্যাক্টর, তবে সেটাই একমাত্র চ্যালেঞ্জ নয়। প্রতিপক্ষও বড় চ্যালেঞ্জ। সবকিছু মাথায় রেখেই আমাদের প্রস্তুতি।’
উইকেট নিয়ে নির্দিষ্ট কোনো পূর্বধারণা রাখতে চান না এই কোচ। তার মতে, ম্যাচের দিন পরিস্থিতি বুঝে পরিকল্পনা বদলাতে হবে।
‘ক্রিকেট সবসময় বদলায়। আগে থেকে ঠিক করে রাখা যায় না ম্যাচ কীভাবে চলবে। কন্ডিশন যা বলবে, আমাদের সেভাবেই খেলতে হবে।’
বাংলাদেশ দলের শক্তি নিয়েও প্রশংসা করেছেন ওয়াল্টার। বিশেষ করে পেস আক্রমণকে গুরুত্ব দিয়ে দেখছেন তিনি।
‘বাংলাদেশের বেশকিছু দারুণ পেস বোলার আছে। তারা সব ধরনের কন্ডিশনেই কার্যকর হতে পারে।’
তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়টিকেও ইতিবাচক হিসেবে দেখছেন নিউজিল্যান্ড কোচ। তার মতে, কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য বড় সম্পদ।
তিনি বলেন, ‘অভিজ্ঞতা কিনে পাওয়া যায় না। মাঠে নেমেই সেটা অর্জন করতে হয়। এই সফর আমাদের অনেক খেলোয়াড়কে সেই সুযোগ দেবে।’
দলের বড় পরিকল্পনার অংশ হিসেবেও এই সিরিজকে দেখছেন ওয়াল্টার। একসঙ্গে বেশিসংখ্যক ক্রিকেটারকে আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়াটাই নিউজিল্যান্ডের কৌশল বলেও জানান তিনি।




