নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। দলের ভেতরে নানা আলোচনা থাকলেও সেটার কোনো প্রভাব মাঠের প্রস্তুতিতে পড়েনি বলেই জানিয়েছেন তিনি।
সিমন্স বলেন, ‘আমাদের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটেনি। সবাই কঠোর পরিশ্রম করেছে, বরং অনেকেই স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করেছে।’
নিউজিল্যান্ড দলকে ‘দ্বিতীয় সারির’ হিসেবে দেখার ধারণা একেবারেই মানতে নারাজ এই কোচ।
তার ভাষায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দল বলে কিছু নেই। যারা আসছে, তারা সবাই অনেক ম্যাচ খেলা অভিজ্ঞ ক্রিকেটার।’
সিরিজে চ্যালেঞ্জ থাকবে বলেও মনে করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের মতোই এবারও সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
ব্যাটিং বিভাগে এখনও উন্নতির জায়গা রয়েছে বলে স্বীকার করেছেন সিমন্স। বিশেষ করে মাঝের ওভার ও শেষের দিকে আরও ভালো করার প্রয়োজন দেখছেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে অনেক জায়গায় উন্নতি দরকার। শেষের ১০ ওভারে আমরা উন্নতি করছি, কিন্তু আরও ধারাবাহিক হতে হবে।’
দলের ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ওপরে ব্যাট করা অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিচের দিকে খেলছেন, আর সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিমন্স।
তার মতে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বোলিং বিভাগ নিয়েও আশাবাদী তিনি। বিশেষ করে মাঝের ওভারগুলোতে বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন।
সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের প্রত্যাশা করছেন বাংলাদেশ কোচ।




