ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। নারী ও পুরুষ উভয় বিভাগের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
তামিম বোর্ড সভা শেষে সংবাদসম্মেলনে বলেন, ‘আজকে কয়েকটা জিনিস দেখে আমি নিজেই অবাক হয়েছি। আমাদের নারী ক্রিকেটাররা এতদিন ঘরোয়া ক্রিকেটে যে ম্যাচ ফি পেতেন, সেটা কোনোভাবেই যথাযথ ছিল না।’
তিনি জানান, আগে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি খুবই কম ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, টি-টোয়েন্টি ম্যাচে তারা পাবেন ১০ হাজার টাকা, ওয়ানডেতে ১৫ হাজার এবং দীর্ঘ সংস্করণের ম্যাচে ২০ হাজার টাকা।
ঘরোয়া চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের মাসিক বেতনও বাড়ানো হয়েছে। আগে যেখানে ৩০ হাজার টাকা ছিল, এখন তা করা হয়েছে ৪০ হাজার টাকা।
এই বিষয়ে তামিম বলেন, ‘সবকিছু বাড়ানোর একটা সীমা থাকে। জাতীয় দলের কন্ট্রাক্টের সঙ্গে একটা ব্যবধানও রাখতে হয়, তাই যতটুকু সম্ভব আমরা বাড়িয়েছি।’
পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। তামিমের ভাষায়, ‘গত তিন-চার বছর ধরে কোনো ইনক্রিমেন্ট হয়নি। আমার কাছে মনে হয় তারা হাইলি আন্ডারপেইড ছিল।’
নতুন কাঠামো অনুযায়ী ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে পাবেন ৬৫ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার টাকা।
এছাড়া ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। আগে যেখানে ৭০ হাজার টাকা ছিল, এখন তা এক লাখ টাকা করা হয়েছে।
তামিম জানান, এই সিদ্ধান্ত চার মাস পরে জানানো হলেও কার্যকর হবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে। ‘জানুয়ারি থেকে যখনই তারা বেতন পাবে, নতুন কাঠামো অনুযায়ী পাবে,’ বলেন তিনি।




