বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি উদ্যোগে সাড়া দিয়ে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময়সূচি বদলানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
তামিম বলেন, ‘বাংলাদেশ সরকার আমাদের ইনকরেজ করছে যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি সেভ করতে। সেই চিন্তা মাথায় রেখেই আমরা ম্যাচের টাইমিং পরিবর্তন করছি।’
তিনি জানান, মূল লক্ষ্য থাকবে ফ্লাডলাইটের ব্যবহার যতটা সম্ভব কমানো। ‘আমরা যতটা পারি আন্ডার লাইটে কম খেলার চেষ্টা করব, যাতে ইলেকট্রিসিটি সেভ করা যায়,’ বলেন তামিম।
সম্ভাব্য সময়সূচি নিয়েও ধারণা দিয়েছেন তিনি। তামিমের ভাষায়, ‘ওয়ানডে ম্যাচ হয়তো ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে, আর টি-টোয়েন্টি ম্যাচ ২টা বা এর কাছাকাছি সময় থেকে শুরু হতে পারে।’
তিনি আরও বলেন, ‘যখন সবাইকে বলা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করতে, তখন ক্রিকেট বোর্ড হিসেবেও আমাদের একটা ভূমিকা রাখা উচিত।’
তবে এখনো চূড়ান্ত সূচি নির্ধারিত হয়নি। তামিম জানিয়েছেন, ‘এক্সাক্ট টাইমিংস খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’
সব মিলিয়ে, ক্রিকেট মাঠেও এবার বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে, এবং বোর্ড চাইছে এই উদ্যোগে নিজেদের অংশীদার করতে।




