
অনুরাগ কাশ্যপ পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘বন্দর’-এর টিজার অবশেষে প্রকাশ পেয়েছে। মুক্তির পর থেকেই টিজারটি দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়। খবর: বলিউড হাঙ্গামা
১ মিনিট ২৯ সেকেন্ডের টিজারটির শুরুতেই দেখা যায় ববি দেওলকে একেবারে ভিন্ন আবহে। মঞ্চে লাইভ পারফরম্যান্সে গান গাইতে ও নাচতে দেখা যায় তাকে। ডিস্কো ঘরানার উজ্জ্বল ও বর্ণিল সেই উপস্থিতি মুহূর্তেই দর্শকের নজর কাড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই গল্পে আসে নাটকীয় মোড়। হঠাৎ করেই ববি নিজেকে আবিষ্কার করেন জেলের ভেতর, আর সেখান থেকেই প্রকাশ পেতে শুরু করে তার চরিত্রের অন্ধকার ও জটিল দিক।
টিজারজুড়ে রহস্য আর অস্বস্তির আবহ ধরে রেখেছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ। খুব অল্প সময়ের মধ্যেই সানিয়া মালহোত্রা, সাবা আজাদসহ ছবির অন্য অভিনয়শিল্পীদের ঝলকও দেখা যায়। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছেন বাংলার অভিনেতা ঋদ্ধি সেনও। যদিও টিজারে গল্পের মূল অংশ গোপন রাখা হয়েছে, তবু বিভিন্ন দৃশ্য ও আবেগঘন মুহূর্ত থেকে বোঝা যায়—ছবিটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এবং এতে সম্পর্ক, মানসিক টানাপোড়েন ও অন্ধকার বাস্তবতার মিশেল রয়েছে।
‘অ্যানিমেল’-এ তীব্র ও ভয়ংকর চরিত্রে দর্শকদের মুগ্ধ করার পর এবার ‘বন্দর’-এ আরও এক ভিন্ন রূপে হাজির হচ্ছেন ববি দেওল। টিজার দেখে স্পষ্ট, এই ছবিতে তাকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও অপ্রত্যাশিত চরিত্রে দেখা যাবে। শুরুতে পাগলাটে ও রঙিন আবহ থাকলেও মুহূর্তেই গল্পের গতিপথ বদলে গিয়ে এক গভীর ও রহস্যময় জগতে প্রবেশ করে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন সুদীপ শর্মা ও অভিষেক ব্যানার্জী। ‘পাতাল লোক’, ‘কোহরা’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর মতো প্রশংসিত কাজের জন্য এই জুটি আগেই দর্শকদের আস্থা অর্জন করেছে। ফলে ‘বন্দর’ নিয়েও প্রত্যাশা তুঙ্গে। নিখিল দ্বিবেদী প্রযোজিত ‘বন্দর’ আগামী ৫ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।




