
ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন আমির খান ও আশুতোষ গোয়ারিকর। ২৫ বছর আগে ‘লগান’ দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন তারা। দীর্ঘ দিন পর আবারও পুনর্মিলন ঘটছে এই জুটির। সেই এপিক পিরিয়ড ড্রামার পর নতুন গল্পটি কেমন হতে যাচ্ছে—এ নিয়েই উত্তেজনা বলিউডে।
মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও পরিচালক আশুতোষ গোয়ারিকরের ‘লগান’ অস্কারের মঞ্চ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটিকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা স্পোর্টস ড্রামা হিসেবেই ভাবা হয়। শোনা যাচ্ছে, আশুতোষ গোয়ারিকরের ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক লালা অমরনাথের জীবনী নিয়ে বায়োপিকে অভিনয় করবেন আমির খান।
নির্মাতাদের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ইন্ডাস্ট্রি সূত্রে খবর—প্রজেক্ট নিয়ে প্রাথমিক আলোচনা অনেকটাই এগিয়েছে এবং স্ক্রিপ্টও প্রায় সম্পন্ন হয়েছে। সূত্র: এইসময় অনলাইন
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লালা অমরনাথ এক কিংবদন্তি নাম। ব্রিটিশ আমলের শেষ দিকে দেশভাগের উত্তাল সময়ে তার জীবন ও ক্রিকেটযাত্রা ঘিরেই নির্মিত হবে সিনেমাটি। ক্রিকেট ছাড়াও সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনও গুরুত্বপূর্ণ জায়গা পাবে এর গল্পে। দেশভাগের আবহ, ব্যক্তিগত সংগ্রাম এবং দেশের প্রতি আবেগ—সব মিলিয়ে ছবিটিকে একটি বড় মাপের পিরিয়ড স্পোর্টস ড্রামা হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে।
লগান-এর সেই মর্যাদার লড়াইয়ের পর ‘দঙ্গল’-এ মহাবীর ফোগাটের চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। ফলে লালা অমরনাথের চরিত্রে বলিউড তারকা আমির খানকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।




