
বলিউড বাদশাহ শাহরুখ খান, অক্ষয়দের নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখেন বলিউডের নির্মাতারা। অনেকে তো তাদের শিডিউল পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করেন। কিন্তু জানলে অবাক হবেন, তাদের মতো তারকাদের নিয়ে কাজ করতে আগ্রহী নয় ভারতের বক্স অফিস কাঁপানো ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। খবর: দ্য ওয়াল
বিস্ফোরক এই মন্তব্য করে সুদীপ্ত স্পষ্ট জানান, তিনি কোনো দিনই শাহরুখ খান বা অক্ষয় কুমারের মতো বড় তারকাদের নিয়ে ছবি বানাতে চান না। তার মতে, বড় তারকাদের সঙ্গে কাজ করলে পরিচালকের স্বাধীনতা অনেকটাই কমে যায়।
পরিচালক বলেন, ‘দ্য কেরালা স্টোরি’ বানানোর সময় থেকেই আমি ঠিক করেছিলাম, বড় কোনো নায়ককে নেব না। কারণ তাদের সঙ্গে অনেক শর্ত ও চাপ জড়িয়ে থাকে। আমি নিজের গল্পে বিশ্বাস করি। কিন্তু স্টারডম ঘিরে অতিরিক্ত চাপ নিতে চাই না।
তিনি আরও দাবি করেন, বড় তারকাদের কেন্দ্র করে ছবি তৈরি হলে মূল গল্পের চেয়ে তাদের ইমেজ বেশি গুরুত্ব পায়। ফলে পরিচালকের নিজস্ব ভাবনা ও গল্প বলার স্বাধীনতা বাধাগ্রস্ত হয়।
সুদীপ্ত সেনের কথায়, ‘অক্ষয় কুমার বা শাহরুখ খানের মতো তারকাদের নিয়ে কাজ করলে পরিচালকের মতের চেয়ে তাদের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’
পরিচালক জানান, তিনি নিজের গল্প, নিজস্ব শৈলী এবং স্বাধীন চিন্তাভাবনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কোনো তারকার ইমেজের সঙ্গে আপস করে সিনেমা তৈরি করা তার পছন্দ নয়।




