
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে এরই মধ্যে বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা। এবার সেই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ছবির অন্যতম প্রযোজক জ্যোতি দেশপান্ডে এক সাক্ষাৎকারে বলেন, ‘ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি। বছরের শেষে দর্শকদের জন্য একটি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।’ যদিও তিনি সরাসরি ‘ধুরন্ধর ৩’-এর নাম উল্লেখ করেননি। খবর: টাইমস অব ইন্ডিয়া
পরিচালক আদিত্য ধর পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পেয়ে বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকার ব্যবসা করে। ভারতের বাজারেই এর আয় ছিল ১০০০ কোটি রুপির বেশি। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পায় দ্বিতীয় পর্ব। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। বিশ্বজুড়ে প্রায় ১৭৮৮ কোটি রুপি ব্যবসা করে নতুন রেকর্ড গড়ে ‘ধুরন্ধর পার্ট ২’।
রণবীর সিংয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। তারকাখচিত কাস্ট ও অ্যাকশনধর্মী গল্প দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বক্স অফিসের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা পেয়েছে ‘ধুরন্ধর’। প্রথম পর্ব নেটফ্লিক্সে মুক্তির পর ভালো সাড়া পেয়েছিল। এবার দর্শকদের অপেক্ষা দ্বিতীয় পর্বের ডিজিটাল মুক্তি নিয়ে। জানা গেছে, মে মাসের মধ্যেই ওটিটিতে আসতে পারে সিনেমাটি, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
তবে পরিচালক ধুরন্ধরের তৃতীয় কিস্তি নির্মাণে আগেই অনীহা প্রকাশ করেছিলেন। এরপর প্রযোজকের এমন বক্তব্য ফ্র্যাঞ্চাইটিকে নতুন করে আলোচনায় এনেছে।




