
বলিউডে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে প্রবীণ অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর গুজব। বৃহস্পতিবার একাধিক সামাজিকমাধ্যম পোস্টে দাবি করা হয়, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে অনুরাগীদের মধ্যে শুরু হয় চরম উদ্বেগ ও বিভ্রান্তি। খবর: বলিউড হাঙ্গামা
তবে কিছুক্ষণের মধ্যেই সেই গুজবের অবসান ঘটান শক্তি কাপুর নিজেই। একটি ভিডিওবার্তায় তিনি স্পষ্টভাবে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। অভিনেতা বলেন, ‘আমার মৃত্যুর খবরটি পুরোপুরি মিথ্যা। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এমন ভুয়া খবর এড়িয়ে চলুন।’
দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করা এই অভিনেতা মৃত্যুর গুজব ছড়ানো নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি জানান, এ ধরনের ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিতে চলেছেন এবং এরই মধ্যে সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওবার্তায় তিনি আরও জানান, এ ধরনের অপপ্রচার কেবল বিভ্রান্তি তৈরি করে এবং এটি অত্যন্ত দুঃখজনক।
৭৩ বছর বয়সী শক্তি কাপুর বলিউডে প্রায় ৭০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন। কমেডি ও খলচরিত্রে অভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিশেষ করে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির আইকনিক চরিত্র ‘ক্রাইম মাস্টার গোগো’ আজও দর্শকদের মনে জায়গা করে আছে।




