
মাত্র ক্লাস ফোর পাস করা এক ব্যক্তি কঠিন মানসিক দৃঢ়তা ও বুদ্ধিমত্তায় কীভাবে প্রশাসনের উচ্চশিক্ষিত কর্মকর্তাদের নাকানিচুবানি খাইয়ে পরিবারকে রক্ষা করেছেন—সেই কাহিনির এক চমকপ্রদ চিত্রায়ণ ‘দৃশম’।
স্ত্রী ও দুই মেয়ে নিয়ে প্রত্যন্ত গ্রামে সুখে জীবনযাপন করা কেবল ব্যবসায়ী জর্জ কুট্টির (মোহনলাল) জীবনে নেমে আসে অন্ধকার। একটি অপ্রত্যাশিত অপরাধে পরিবারকে আইনের অন্ধকার দিক থেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। অনেকবার বুদ্ধিমত্তা ও দৃঢ় মানসিকতার কারণে রক্ষা করতে সক্ষম হন পরিবারকে। আবারও নেমে এসেছে সেই বিপদ। মোহনলাল এবার কীভাবে রক্ষা করবেন?
বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘দৃশ্যম ৩’-এর প্রত্যাবর্তনের অপেক্ষা শেষের দিকে। দক্ষিণী মহাতারকা মোহনলালের জন্মদিন ২১ মে জমকালোভাবে হাই-প্রেস থ্রিলারটি মুক্তি পেতে চলেছে। জিতু জোসেফ পরিচালিত মালায়লাম সিনেমাটিতে জর্জ কুট্টিরূপে মোহনলালের মানসিক দৃঢ়তা ধীরে ধীরে লোপ পেতে দেখা যাবে।
সম্প্রতি ‘দৃশম ৩’ টিম ঘোষণা করেছে, ভারতে মুক্তির আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রথম শো অনুষ্ঠিত হবে। ঘোষণাটির পর দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা দেখার জন্য। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, সিংহলি, চীনাসহ একাধিক ভাষায় ভারতের অন্যতম সফল এই থ্রিলার সাগার রিমেক তৈরি হয়েছে।
পরিচালক জিতু জোসেফ ইঙ্গিত দিয়েছেন, ‘দৃশম ৩’ একটি ভিন্ন আবেগঘন পথে এগোবে। সাসপেন্সনির্ভর থ্রিলারের নতুন অধ্যায়টি আগের চেয়েও বেশি পরিকল্পিত, যা জর্জ কুট্টির সিদ্ধান্তের মানসিক পরিণতির ওপর গভীর আলোকপাত করে।
সম্প্রতি মুক্তি পাওয়া টিজারে দর্শকদের আবেগঘন জগতের প্রথম ঝলক দেখিয়েছে। আগের পর্বগুলোর উত্তেজনাকর ইঁদুর-বিড়াল খেলার পরিবেশের বিপরীতে, টিজারে জর্জ কুটিকে আরও অন্তর্মুখী হিসেবে দেখানো হয়েছে। যাকে অপরাধবোধ ও সন্দেহবাতিকের ভারে জর্জরিত বলে মনে হচ্ছে। সূত্র: ফিল্মফেয়ার ডটকম
টিজারের এক পর্যায়ে জর্জ কুট্টি স্বীকার করেন, তিনি পরিণতির কথা না ভেবেই কাজটি করেছিলেন। এই পরিণতির মুহূর্তটি কীভাবে ঘটে, তা দেখার জন্যই উৎসুক সবাই।
ফ্র্যাঞ্চাইজিটির বিপুল দর্শকপ্রিয়তা এবং জিতু জোসেফের গল্পের ধরনে পরিবর্তনের ক্যারিশমা আর পর্দায় মোহনলালে শক্তিশালী উপস্থিতি—সত্যিকার অর্থেই ‘দৃশ্যম ৩’ হতে চলেছে এই বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা।




