
আবেগ, অ্যাকশন ও পারিবারিক সম্পর্কের অনন্য মেলবন্ধন নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছে ‘বাবা’। আগামী ১৯ জুন ‘ফাদার্স ডে’ উপলক্ষে মুক্তি পেতে চলেছে রোম্যান্স ও পারিবারিক সম্পর্কের সঙ্গে সমাজের কঠিন বাস্তবতার মিশ্রণে নির্মিত সিনেমাটি।
পরিচালক জিৎ চক্রবর্তীর আসন্ন সিনেমাটির ট্যাগলাইন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে চর্চা ৷ এর ট্যাগলাইন—‘সন্তানের জন্য মরার আগে দুবার ভাবব না, আর মারার আগে একবারও ভাবব না।’ ট্যাগলাইনটি দর্শকমহলে বিপুল সাড়া ফেলেছে এবং হঠাৎ করেই আলোচনার জন্ম দিয়েছে।
টালিউডের উদীয়মান চলচ্চিত্র নির্মাতা জিৎ ‘কথামৃত’, ‘শেষের গল্প’, ‘আড়ি’র মতো ব্যবসাসফল ও প্রশংসিত ছবি পরিচালনা করেছেন। ‘বাবা’ হতে যাচ্ছে তার পঞ্চম সিনেমা। এর মধ্য দিয়ে তিনি নাম লেখালেন প্রযোজনায়।
গৌরব নামের অনাথ আশ্রমে বড় হওয়া এক তরুণ সাংবাদিকের কাহিনিতে নির্মিত হয়েছে সিনেমাটি। কন্যাসন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসায় দাম্পত্য জীবনে টানাপোড়েন দেখা দেয়। পাশাপাশি গৌরব জড়িয়ে পড়েন কলকাতার এক শিশু পাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ে। কর্মক্ষেত্রের নৈতিক দায়িত্ব এবং একজন বাবার আবেগ—এই দুইয়ের টানাপোড়েনে গৌরবের জীবনে চলতে থাকে এক প্রাণপণ সংগ্রাম। সূত্র: আজকাল
‘বাবা’-তে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, কিরণ মজুমদার, অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর, দেবরাজ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসুসহ অনেকে।
‘বাবা’ একটি পূর্ণাঙ্গ অ্যাকশন-ড্রামা। এতে দর্শকরা বিনোদনের পাশাপাশি শক্তিশালী গল্প, আবেগ ও ভিজ্যুয়ালের অভিজ্ঞতা পাবেন। একজন বাবার ভালোবাসা, ত্যাগ ও দায়িত্ববোধের এক আবেগঘন উপাখ্যান, যা এই ‘ফাদার্স ডে’-তে দর্শকদের জন্য বিশেষ উপহার বলেই মনে করছেন পরিচালক।




