
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যকে ভাবা হতো সিনেমা অঙ্গনের অন্যতম সফল দম্পতি। তবে সন্দেহ-অবিশ্বাসের কালো মেঘ দানা বাঁধে তাদের সংসারে। বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত ২০২১ সালে সেই সুন্দর সংসারে বিচ্ছেদ ঘটে। এরপর সময় গড়িয়েছে পাঁচ বছরের বেশি। এত দিন পর আবারও এক ছাদের নিচে দেখা হলো দুজনের।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হায়দরাবাদে প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ের বিয়ের আসরে হাজির হন সামান্থা ও নাগা চৈতন্য। দুজনই সেখানে তাদের নতুন জীবনসঙ্গী নিয়ে হাজির হন। সাবিতা ধুলিপালাকে নিয়ে অনুষ্ঠানে আসেন নাগা। অন্যদিকে সামান্থা হাজির হন বর্তমান স্বামী পরিচালক রাজ নিদিমোরুকে নিয়ে।
বিবাহবিচ্ছেদের পর দুই তারকাই নিজেদের গুছিয়ে নিয়েছেন। শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। আলাদা হওয়ার পর জনপ্রিয় এই জুটিকে কোনো অনুষ্ঠান বা অন্য কোথাও একসঙ্গে দেখা যায়নি। তবে সম্প্রতি ভাঙল সেই গেরো।
একই অনুষ্ঠানে উপস্থিত হলেও প্রাক্তন এই দম্পত্তি সরাসরি মুখোমুখি হননি। এতে ভক্ত-সমালোচকদের অতি-উৎসাহে কিছুটা ভাটা পড়ে। অনুষ্ঠানে উপস্থিত অনেকের মতে, তারা দীর্ঘ সময় সেখানে থাকলেও সচেতনভাবেই একে অন্যকে এড়িয়ে গেছেন।
২০১৭ সালে গোয়ায় ধুমধাম করে দীর্ঘদিনের সম্পর্কের পর গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য ও সামান্থা—সেই বিয়ের প্রতিটি মুহূর্তই ছিল আড়ম্বরপূর্ণ ও বিশেষভাবে পরিকল্পিত। বিচ্ছেদের পর ২০২৪ সালের ডিসেম্বরে সবিতাকে বিয়ে করেন নাগ চৈতন্য। আর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সংসার পাতেন ‘পুষ্পা’ তারকা সামান্থা রুথ প্রভু।




