
দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় এখন আর শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নন—রাজনীতির ময়দানেও তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। খবর: দ্য ওয়াল
এই রাজনৈতিক উত্থানের মধ্যেই নতুন করে সামনে এসেছে বিজয়ের শিক্ষাজীবনের গল্প, যা অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠছে।
চেন্নাইয়ে জন্ম ও বেড়ে ওঠা বিজয়ের পড়াশোনার শুরু কোডাম্বাক্কামের ফাতিমা স্কুলে। পরে তিনি বিরুগাম্বাক্কামের বালালোক স্কুলে ভর্তি হন। স্কুলজীবনে তিনি ছিলেন একেবারেই সাধারণ ছাত্র—তারকা পরিবারের সন্তান হলেও তখনও আলাদা করে কোনো খ্যাতি বা সাফল্যের আলো তাকে ঘিরে ছিল না।
স্কুল শেষ করার পর তিনি চেন্নাইয়ের বিখ্যাত লয়োলা কলেজে ভিজ্যুয়াল কমিউনিকেশন নিয়ে পড়াশোনা শুরু করেন। তবে সেখানেই থেমে যায় তার একাডেমিক যাত্রা—ডিগ্রি সম্পূর্ণ না করেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি।
এরপর পুরোপুরি মন দেন অভিনয়ে। যদিও শিশুশিল্পী হিসেবে তিনি আগেই কিছুটা পরিচিত ছিলেন, তবুও এই সিদ্ধান্ত সেই সময়ে ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দক্ষিণী সিনেমার অন্যতম বড় তারকা।
বিজয়ের এই পথচলা অনেক তরুণের কাছে ব্যতিক্রমী উদাহরণ হিসেবে ধরা দেয়। তিনি দেখিয়েছেন, শুধু ডিগ্রি নয়—নিজের লক্ষ্য ঠিক করা এবং সেই পথে অবিচল থাকা অনেক সময় সাফল্যের দরজা খুলে দেয়।
বর্তমানে তিনি কেবল অভিনেতা নন, একজন রাজনৈতিক নেতাও। তার দলের উত্থান ইতোমধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, নিজের শিক্ষা জীবন অসম্পূর্ণ থাকলেও শিক্ষা এখন তার রাজনৈতিক ভাবনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
নির্বাচনি প্রচারে বিজয় ঘোষণা করেছেন, তার দল ক্ষমতায় এলে দুই একরের কম জমির কৃষক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। তবে এই সুবিধা শুধুমাত্র সেই পরিবারগুলোর জন্য প্রযোজ্য হবে, যাদের কোনো সদস্য সরকারি চাকরিতে নেই।
থাঞ্জাভুরের এক জনসভা থেকে এই ঘোষণা করে তিনি শিক্ষা, কর্মসংস্থান এবং দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য রাখেন। বিজয়ের মতে, এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ তরুণদের ভবিষ্যৎ গড়ার একটি বড় পদক্ষেপ।




