
সিক্যুয়েল, সাই-ফাই স্পেকট্যাকলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিনির্ভর সিনেমা দিয়ে মাতবে মে মাসের হলিউড। বিশ্বব্যাপী সিনেপ্রেমীরা উন্মুখ থাকেন কবে আসবে নুতন ঝলক। আগ্রহের কেন্দ্রে থাকা এরকম কয়েকটি সিনেমা মুক্তির মধ্য দিয়ে শুরু হচ্ছে হলিউডের গ্রীষ্মকাল।
মে মাস থেকেই হলিউডের ২০২৬ সালের ব্লকবাস্টার মৌসুম শুরু হয়ে গেছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি অ্যাকশনের মিশেলে কয়েকটি সিক্যুয়েল, সাই-ফাই স্কেকট্যাকল সিনেমা দর্শকরা উপভোগ করতে পারবেন এই মাসে। এর মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার একটি হলো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। ২০০৬ সালের সাড়া জাগানো ‘দ্য ডেভিল উইয়ার্স প্রাডা’-এর এই সিক্যুয়েলে ফের দেখা যাবে মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথওয়ে ও এমিলি ব্লান্টকে।
বহু বছর পর সিনেমাটি হাই-ফ্যাশনের জগতে ফিরিয়ে নিয়ে আসবে। এর চরিত্র ও বিষয়বস্তু সমসাময়িক আধুনিকতার ছোঁয়া আনার পাশাপাশি নস্টালজিয়াও নিয়ে আসবে। শুধু মে মাসই নয়, এটি বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত একটি সিনেমা।
এ বছরের মে মাসেই আরেকটি টর্নেডো নিয়ে আসবে ‘মর্টাল কমব্যাট ২’। অ্যাকশনপ্রেমীরা সিনেমাটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছেন। আর সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ১৫ মে। ভিডিও গেমস সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত ‘মর্টাল কমব্যাট’ ২০২১ সালে বিশ্বব্যাপী আলোড়ন তোলে। এবার আসছে সেই দর্শকপ্রিয় সিনেমাটির সিক্যুয়েল। সাইমুন ম্যাককুইডের পরিচালনায় অ্যাকশন সিনেমাটিতে আগের মতোই আছেন জেসিকা ম্যাকনেমি, জশ লসন, লুডি লিন, মেহক্যাড ব্রুকস, লুইস ট্যান, ডেমন হেরিম্যান, চিন হান, তাদানবু আসানো, জো তাসলিম ও হিরোয়ুকি সানাদা। তাদের সঙ্গে নতুন করে যুদ্ধে নামবেন কার্ল আরবান, অ্যাডেলিন রুডলফ ও টাটি গ্যাব্রিয়েল। নতুন চরিত্র ও বিস্তৃত কাহিনির সিনেমাটি তার পূর্বসূরির গতিকে ধরে রেখে আরও বড় মাপের অ্যাকশনের দিকে এগিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
এই মাসের আরেকটি আকর্ষণ ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’। জন ফাভরো পরিচালিত তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকল, জেরেমি অ্যালেন হোয়াইট ও সিগুর্নি ওয়েভার। সিনেমাটি ডিজনির ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজি ও ‘দ্য ম্যান্ডোলোরিয়ান’ সিরিজের অংশ। গ্যালাকটিক সাম্রাজ্যের পতনের পর ডিন ডিজারিন এবং তার ছোট শিষ্য গ্রোগু নতুন প্রজাতন্ত্রের হয়ে একটি বিপজ্জনক মিশনে বের হয়। সায়েন্স ফিকশন সিনেমাটি মুক্তি পাবে ২২ মে। সিনেমাটি শুধু ফ্র্যাঞ্চাইজির ভক্তই নয়, সাধারণ দর্শককেও আকর্ষণ করবে।
এসব ফ্র্যাঞ্চাইজির বাইরেও মে মাসে কিছু সিনেমা আরও গভীর ও পরীক্ষামূলক আবহ সৃষ্টি করবে। ‘হোকাম’ ও ‘অবসেশন’-এর মতো সিনেমাগুলো মনস্তাত্ত্বিক এবং অতিপ্রাকৃত হররের দিকে ঝুঁকেছে। অন্যদিকে ‘ব্যাক রুমস’ ও ‘প্যাসেঞ্জার’ পরিবেশগত উত্তেজনা এবং থ্রিলারনির্ভর গল্প বলার ওপর মনোযোগ দিয়েছে।
মোদ্দাকথা, মে মাস হতে যাচ্ছে হলিউড সিনেপ্রেমীদের জন্য এক মারকাটারি মাস। এখন কোন সিনেমা কেমন ব্যবসা করে, কে কাকে ছাপিয়ে যায়—সেটাই দেখার বিষয়।




