
ঢাকায় ফুপুর বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হন মিরসরাইয়ের মানসিক ভারসাম্যহীন কিশোরী ফারজানা আক্তার (ফারিয়া)। ২২ দিনেও খোঁজ না মেলায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফারিয়ার ভাই সাব্বির খান জানান, ফারিয়া (১৮) গত ১৭ এপ্রিল ঢাকার খিলগাঁও এলাকার সিপাহীবাগে বাবা হেদায়েত উল্যা চৌধুরীর (৬৬) সঙ্গে ফুপুর বাড়িতে বেড়াতে যায়। সেদিন বিকেলে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, ছোটবেলা থেকেই ফারিয়া কিছুটা জেদি ও মানসিক ভারসাম্যহীন। সামান্য বিষয়ে জেদ করে সে আগেও কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তবে এলাকায় পরিচিত হওয়ায় তখন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে খুঁজে পাওয়া যেত। এবার অচেনা শহর ঢাকায় এসে নিখোঁজ হওয়ায় পরিবারটি চরম উদ্বেগের মধ্যে রয়েছে। মেয়ের শোকে বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
জানতে চাইলে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) পংকজ কান্তি সরকার বলেন, কিশোরীটিকে খুঁজে পেতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। দেশের সব থানায় এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি ফারিয়ার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।
ফারিয়ার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্য তালবাড়িয়া এলাকায়।




